ফাস্ট বোলারদের টি-২০ ছেড়ে দেয়া উচিত :শোয়েব আখতার

আপডেট : ১২ এপ্রিল ২০১৪, ২২:৩২
ব্যাটসম্যানরা একের পর এক বল সীমানাছাড়া করবেন আর বোলাররা ক্রমাগত হতাশ হতে থাকবেন। আইসিসির নতুন সব সিদ্ধান্ত, বাণিজ্যিক দিক আর দর্শক চাহিদা বিবেচনায় টি-টোয়েন্টির নিয়মই যেন দাঁড়িয়ে গেছে এটা। ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে বোলারদের এই ক্রমাগত নিষ্পেষণে যারপরনাই বিরক্ত শোয়েব আখতার। পেসারদের টি-২০ ক্রিকেট ছেড়েই দেয়া উচিত বলে মন্তব্য করেছেন ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির বোলারটি। দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনসহ ফাস্ট বোলাররা টি-২০ ক্রিকেট ছেড়ে দিক এবং তার পরিবর্তে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের প্রতি মনোনিবেশ করুক; শোয়েব এমনটাই চাচ্ছেন। ২০১১ বিশ্বকাপ চলাকালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া শোয়েব আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম এ ভার্সনকে ফাস্ট বোলাদের জন্য ‘নিষ্ঠুর নির্মমতা’ হিসেবে অভিহিত করেছেন। ব্যাটসম্যানদের সহায়তার জন্য প্রণীত নতুন নতুন সব নিয়মে এই ফরম্যাটটি বোলারদের বধ্যভূমিতে পরিণত হয়েছে বলেও জানান ১৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ১৯ উইকেট শিকার করা শোয়েব। দোহায় এক সংবাদ সম্মেলনে শোয়েব বলেন, ‘আমার মতে এ ভার্সনটি ফাস্ট বোলারদের সঙ্গে নির্মম নিষ্ঠুরতা ছাড়া আর কিছুই নয়। আমার মতে- ডেল স্টেইনদের মত ফাস্ট বোলারদের টি-২০ ক্রিকেট খেলা উচিত নয়। কারণ এখানে ফিয়ার ফ্যাক্টরও কাজ করে না। ব্যাটসম্যানরা সহজেই তোমার মাথার ওপর দিয়ে চার-ছক্কা হাঁকাতে পারে।’ ‘এটা ব্যাটসম্যান ও স্পিনারদের খেলায় পরিণত হয়েছে। এখানে ফাস্ট বোলারদের কিছুই করার থাকে না। সত্যিই এখানে তারা অত্যন্ত বাজেভাবে মার খাচ্ছে।’ আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী পাকিস্তানের উমর গুল। তার সংগ্রহ ৮০ উইকেট। তার চেয়ে ৫টি বেশি নিয়ে সবার ওপরে আছেন পাকিস্তানের স্পিনার সাঈদ আজমল। শীর্ষ ১০ জনের মধ্যে রয়েছেন লাসিথ মালিঙ্গা, স্টুয়ার্ট ব্রড, স্টেইন মরনে মরকেল। পেসারদের মধ্যে সবচেয়ে ভাল ইকোনোমি রেটের মালিক স্টেইন। প্রতি ওভারে ৬.৪৫ রান দিয়ে ৩৮ ম্যাচে তার উইকেট সংখ্যা ৫৫। সমপ্রতি বাংলাদেশে শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে তিনি ৯ উইকেট শিকার করেছেন। কিন্তু এ ইভেন্টে কম রান দিয়ে স্পিনাররাই প্রাধান্য বিস্তার করেছে। শোয়েব বলেন, ‘নিউজিল্যান্ড সফরে স্টেইন সত্যিই খুব ভাল বোলিং করেছেন। কিন্তু আমি বলব তোমার যদি সত্যিই টি-২০ খেলা দরকার হয় কিংবা খেলতে চাও তবে সেটা কেবলমাত্র অনুশীলনের জন্য খেল এবং ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটের প্রতি মনোনিবেশ কর।’ টেস্ট এবং ওয়ানডেসহ আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসাবে ফাস্ট বোলারদের নির্বাচন করার পক্ষেও মত দেন শোয়েব। নিয়মিত অধিনায়ক দিনেশ চান্ডিমালকে বসিয়ে রেখে টি-২০ বিশ্বকাপের শেষ পর্যায়ে শ্রীলংকা দলের অধিনায়কত্ব করেছেন ফাস্ট বোলার মালিঙ্গা। তিনি বলেন, ‘একজন ফাস্ট বোলার অধিনায়ক হিসাবে ব্যতিক্রমী। সে সবসময়ই আক্রমণাত্মক এবং ফল কেন্দ্রিক হয়ে থাকে। ফাস্ট বোলাররা একেকজন ম্যাচ উইনার এবং খুব তাড়াতাড়ি ম্যাচ জয়ের পন্থা বের করতে পারে। খেলোয়াড় ম্যাচ উইকেট গড় ইকোনোমি এস আজমল ৬৩ ৮৫ ১৭.৫ ৬.৩ ইউ গুল ৫৬ ৮০ ১৬.৮ ৭.১ এস আফ্রিদি ৭৪ ৭৭ ২২.৬ ৬.৫ এ মেন্ডিজ ৩৯ ৬৬ ১৪.৪ ৬.৫ এল মালিঙ্গা ৫৬ ৬৫ ২১.৬ ৭.৩ এস ব্রড ৫৬ ৬৫ ২২.৯ ৭.৬ ডি স্টেইন ৩৮ ৫৫ ১৫.৯ ৬.৫ এন ম্যাকালাম ৫৫ ৫২ ২০.৮ ৬.৮ জি সোয়ান ৩৯ ৫১ ১৬.৮ ৬.৪ এমমরকেল ৩৮ ৪৫ ২১.৯ ৭.৩