এবার নতুন লড়াই

আগামীকাল পেশাদার লিগের দ্বিতীয় পর্ব শুরু

আপডেট : ১৩ এপ্রিল ২০১৪, ২২:০৫
পেশাদার ফুটবল লিগের পয়েন্ট টেবিলের দিকে তাকালে চোখ ছানাবড়া হয়ে যেতে পারে। দুইদিন আগে যে দলটি স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনাল খেললো, ভালো খেলে আলোচনার ঝড় তুলল, সেই দলটি পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচের দল হয় কিভাবে। এমন প্রশ্ন উঠাই স্বাভাবিক। নিটল টাটা প্রিমিয়ার ফুটবল লিগ তথা পেশাদার ফুটবলের প্রথম পর্বের শেষে ফেনীর দলটি ছিল তলানিতে। তবে এই অবস্থান তাদের থাকবে না সে আভাস তারা দিয়েছেন সদ্য সমাপ্ত টুর্নামেন্টে ভালো খেলে, রানার্সআপ হয়ে। আগামীকাল মঙ্গলবার পেশাদার লিগের দ্বিতীয় পর্ব শুরু হতে যাচ্ছে। ১০ দলের মধ্যে বিজেএমসি ছাড়া ৯ দল বিদেশি খেলোয়াড়দের তালিকায় রদবদল করেছে। বিদেশি ফুটবলার সংযোজনে এগিয়ে থাকছে ব্রাদার্স ইউনিয়ন, এরপর ফেনীর সকার ক্লাব। কারণ তাদের গাম্বিয়ান তিন ফুটবলার শুধু নিজেদের জায়গা পাকা করেননি, একই সাথে অন্যান্য ক্লাবগুলোর চোখে এখন ঈর্ষার পাত্র হয়েছেন। আরো একটা তথ্য দেয়া যায় এখানে। ফুটবল প্রদীপের আলোয় না থাকা সকার ক্লাবের গাম্বিয়ান কোচ ওমর সিসেও প্রতিপক্ষের কোচদের কাছে সমীহ আদায় করে নিয়েছেন। ফাইনালে ১২০ মিনিট মোহামেডানের মতো দলকে গোল করতে না দেয়ার গেমটা মাঠের বাইরে দাঁড়িয়ে খেলেছেন ওমর সিসে। ফুটবল দর্শকরা ধরেই নিতে পারে ভালো খেলার ধারাবাহিতকা থাকবে ফেনীর দলটির। আর তাতে শুধু রেলিগেশন রক্ষাই নয় উপরের দিকে উঠে আসতে শুরু করবে এই দলটি। সে চ্যালেঞ্জ নিয়ে তারা আগামী শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে বিজেএমসির মুখোমুখি হবে। আগেই সকারের অধিনায়ক জানিয়ে রেখেছিলেন লিগটা হবে তাদের জন্য নতুন পথচলা। মধুমতি ব্যাংক স্বাধীনতাকাপ ফুটবলের চ্যাম্পিয়ন মোহামেডানের অবস্থান চার নম্বরে। দর্শক মোহামেডানকে শীর্ষে দেখতে চায়। অধিনায়ক এমিলিও চাইছেন টুর্নামেন্টের সাফল্যটাকে পুঁজি করে নতুন অভিযান শুরু করবেন। মোহামেডান তিনজন বিদেশি ফুটবলার নিয়েছে দলে। পর্তুগালের হার্ডি পিন্টু মরেইরা, বারকিনা ফাসোর ফরোয়ার্ড জঙ্গো উসেইনি এবং নাইজেরিয়ান ডিফেন্ডার উবোম হেনরি ফেলিক্স। শেষের দুজন দারুণ খেলেছেন। মোহামেডানের রক্ষণে মিন্টু শেখরা দলটাকে ডুবিয়ে ছিলেন। হেনরি এসে রক্ষা করেছেন। প্রায় সাত ফুট উচ্চতার এই ডিফেন্ডার শুধু রক্ষণই সামাল দেন না। তিনি দলের প্রয়োজনে আক্রমণেও যাচ্ছেন। আস্থা কুড়াচ্ছেন। জঙ্গো ফরোয়ার্ডে খুবই পরিশ্রমী। ফুটবল বোদ্ধারা মনে করছেন জঙ্গো সনির চেয়ে ভালো মানের। খোলস থেকে বেরিয়ে আসতে একটু সময় লাগছে তার। তাদের সামনে নতুন চ্যালেঞ্জ শীর্ষে থাকতে হবে। আবাহনী ইব্রাহিম, সামাদ, মরিসনদের পাশে থাকেছে পর্তুগালের সিয়েটা এবং সিয়েরা লিয়েনের সুমাকে নিয়েই লড়াই করবে। ৩৩ জন বিদেশি এবং ৪ জন দেশি ফুটবলারের নাম রেজিষ্ট্রেশন করা হয়েছে এবার। তবে লিগের দ্বিতীয় পর্বের খেলা ‘হোম এন্ড অ্যাওয়ে’ পদ্ধতিতে হওয়ার কথা রয়েছে। কিন্তু সেটা এখনও চূড়ান্ত হয়নি। বাফুফের তিন কর্মকর্তার বিভিন্ন ভেন্যু পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। এই কর্মকর্তারা ফিরে এসে রিপোর্ট দিলে তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত হবে। আগামীকালের খেলা শেখ রাসেলে ঃ উত্তর বারিধারা (বঙ্গবন্ধু স্টেডিয়াম, ৫টা ৩০) প্রথম পর্বের পয়েন্ট টেবিল দল ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট শেখ জামাল ৯ ৬ ৩ ০ ২৪/৭ ২১ আবাহনী ৯ ৫ ৪ ০ ৯/২ ১৯ মুক্তিযোদ্ধা ৯ ৪ ৩ ২ ১৫/৯ ১৫ মোহামেডান ৯ ৩ ৫ ১ ১১/৬ ১৪ বিজেএমসি ৯ ৩ ৩ ৩ ১৪/৯ ১২ শেখ রাসেল ৯ ৩ ৩ ৩ ১১/৭ ১২ ব্রাদার্স ৯ ২ ৪ ৩ ৯/১২ ১০ উত্তর বারিধারা ৯ ১ ৩ ৫ ৪/২৯ ৬ চট্ট. আবাহনী ৯ ১ ২ ৬ ৬/১৪ ৫ সকার ক্লাব ৯ ০ ৪ ৫ ৮/১৬ ৪