কাস্টমস স্পোর্টস ক্লাব ও কল্লোল সংঘের খেলার মধ্য দিয়ে আগামীকাল মঙ্গলবার থেকে চট্টগ্রামের প্রথম বিভাগ ফুটবল মাঠে গড়াচ্ছে। ১০টি দল লিগে খেলবে। খেলা হবে সর্বমোট ৪৫টি। তার জন্য বাজেট ধরা হয়েছে ৫ লাখ টাকা। বিশিষ্ট ক্রীড়া সংগঠক অনুপ বিশ্বাস সমুদয় অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে কাস্টমস এসসি, বাকলিয়া একাদশ, আবাহনী জুনিয়র, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, রাইজিং স্টার, রেলওয়ে রেঞ্জার্স, চট্টগ্রাম জেলা পুলিশ, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা, কল্লোল সংঘ ও কর্ণফুলী স্পোর্টস একাডেমী।
প্রত্যেকদিন ২টি করে খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলা শুরু হবে বিকাল ৪টায়। এবার স্টেডিয়ামের গ্যালারী উন্মুক্ত থাকছে না দর্শকের জন্য। টিকেট কেটে দর্শকদের ঢুকতে হবে গ্যালারীতে। গ্যালারীর টিকেটের দাম ১০ টাকা এবং প্যাভেলিয়ন ৫০ টাকা। চট্টগ্রামের স্থানীয় খেলোয়াড় ছাড়া অন্য কোন জেলার খেলোয়াড় এই লিগে খেলতে পারবে না। এমনকি কোন বিদেশিকেও নেয়া যাবে না কোন দলের পক্ষে। স্থানীয় খেলোয়াড়দের উন্নয়নের জন্য এমন ব্যবস্থা করা হয়।
এ উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে গতকাল রবিবার দুপুরে লিগ আয়োজকদের পক্ষ হতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিগের খুঁটিনাটি তুলে ধরেন লিগ কমিটির সদস্য সচিব এসএম শহিদুল ইসলাম। লিগের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আ.জ.ম নাছির উদ্দিন, সহ-সভাপতি মঞ্জুরুল আলম মনজু, নজরুল ইসলাম লেদু, কোষাধ্যক্ষ মো. শাহাজাহান ও স্পন্সর প্রতিষ্ঠানের কর্ণধার অনুপ বিশ্বাস। এই সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস, সিজেকেএস যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, সিজেকেএস ফুটবল সম্পাদক আল্লামা মো. ইকবাল, নির্বাহী সদস্য এবিএম মাহাবুবুল আলম।
