আর্জেন্টিনাকে ব্রাজিলে জুনে অনুষ্ঠেয় বিশ্বকাপের চূড়ান্ত পর্বে পৌঁছে দিয়ে জাতীয় দলের হয়ে প্রথম দায়িত্বটুকু ভালভাবেই পালন করেছেন ২০১১ সালে দায়িত্ব নেয়া কোচ আলেসান্দ্রো সাবেলা। এখন দুইবারের চ্যাম্পিয়নদের নিয়ে বিশ্বকাপের বৈতরণী পার হওয়াটা হচ্ছে তার আসল চ্যালেঞ্জ। কারণ দীর্ঘ ২১ বছর ধরে এ শিরোপার জন্য অপেক্ষার প্রহর গুণছে আর্জেন্টাইনরা। লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা পড়শি দেশের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে বসনিয়া ও হার্জেগোবিনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে শুরু করবে বিশ্বকাপ অভিযান। হাতে আছে দুইমাসেরও কম সময়। মাঝের এ সময়ে নিজের চিন্তা-ভাবনা ও পরিকল্পনা, চাপে ও ইনজুরিতে থাকা তারকা ফুটবলার মেসিকে নিয়ে ফিফা ডট কমকে এক সাক্ষাত্কার দিয়েছেন আর্জেন্টিনার কোচ সাবেলা। সাক্ষাত্কারটির নির্বাচিত অংশ তুলে ধরা হলো।
প্রশ্ন : আসন্ন বিশ্বকাপকে ঘিরে নিজের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আপনি কতটা স্নায়ুচাপে বা চাপমুক্ত রয়েছেন?
সাবেলা : এখন খুব বেশি সময় হাতে নেই। আমার প্রথম লক্ষ্য ছিল বাছাই পর্ব পার হয়ে ব্রাজিলের টিকিট লাভ করা। এরপর সামনে চলে আসে পেরু ও উরুগুয়ের বিপক্ষে শেষ দু’টি ম্যাচ। এরপর প্রদর্শনী ম্যাচ ও সবশেষে ড্র। টুর্নামেন্টের ড্র যত কাছে আসছিল ততই আমার স্নায়ুচাপটা এত বেশি বেড়ে গিয়েছিল যা এক কথায় প্রকাশ করা কঠিন।
প্রশ্ন : বিশ্বকাপ নিয়ে আপনি কি আপনার পরিবার ও বন্ধুমহলের সঙ্গে আলোচনা করেন ?
সাবেলা : খুব বেশি একটা না। কোন বিষয় নিয়ে আমি প্রথমে আমার পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করি। আমার পরিবারও আমাকে যথেষ্ট সহযোগিতা করে। কারণ তারা সবাই জানে যে আমি কি পরিমাণ চাপে থাকি। কোচিংয়ের চাইতেও বেশি পরিশ্রম করতে হয় ঘরে। এসময় তারা আমাকে ঠাণ্ডা মাথায় থাকতে সহায়তা করে। উদাহরণ স্বরূপ বলা যায়, গত সপ্তাহে আমি আমার শয়নকক্ষে একটির পর একটি ম্যাচ দেখে যাচ্ছিলাম। এসময় আমি আরাম কেদারা থেকে পড়ে গিয়েছিলাম। আমার পরিবারের সদস্যরা কম বেশি সেটি জানে। তারা জানে যে আমি যখন ঘরে থাকি সে সময় বিশ্রামে থাকার চেষ্টা করি।
প্রশ্ন : লোকজন এ মুহূর্তে অনেক কিছুই বলাবলি করছে। কেউ বলছে আর্জেন্টিনা সহজ গ্রুপে পড়েছে। অন্যরা বলছে বিশ্বকাপে সহজ দল বলে কিছু নেই। আপনি কোনিট বেছে নিবেন?
সাবেলা : আমি আপনাকে তৃতীয় বিকল্প দিতে চাই। সেটা হলো আমরা নিজেরাই আমাদের বড় শত্রু। আমরা যদি নিজেদের সেরা খেলাটা খেলি, তাহলে গ্রুপ পর্বটি ধারণার চাইতেও সহজ হবে। তবে আমরা সামর্থ্যের শতভাগ দিতে না পারলে প্রতিটি দলই আমাদের নাভিশ্বাস তুলে ছাড়বে। সেক্ষেত্রে এটি সত্যিই কঠিন বিষয়।
প্রশ্ন : লিওনেল মেসির মত খেলোয়াড়দের নিয়ে কি বিকল্প পরিকল্পনা থাকে?
সাবেলা : আপনার অবশ্যই বিকল্প একটি পরিকল্পনা রাখতে হবে। বিষয়টি হচ্ছে আমরা শীর্ষ খেলোয়াড়দের নিয়েই এখানে আলোচনা করছি। আপনার হাতে সব সময় একটি তালিকা থাকবে এবং সম্ভাব্য পরিবর্তিতদের একটি তালিকা সব সময় আপনার মনের মধ্যে থাকতে হবে। সময় সময় মূল পরিবর্তনের মতই হয় বিকল্প পরিকল্পনা। আবার মাঝে মাঝে তা হয় না। তখন আপনাকে আয়োজন করে নিতে হয়।
প্রশ্ন : মেসির জন্য আপনি কি একটি লাইন আপ পেয়েছেন?
সাবেলা : লিওকে ছাড়া আমরা কয়েকটি ম্যাচ খেলেছি। কিন্তু বাস্তবতা হচ্ছে তার কোন বিকল্প নেই। বিশ্বে এমন কোন ক্লাব কিংবা জাতীয় দল নেই যারা তাকে নিয়ে কিংবা তাকে ছাড়া একই রকম খেলতে পারবে। আমরা তার ওপর বেশি নির্ভর করে থাকি। তাই তার অনুপস্থিতিটা আমরা ভালভাবে টের পাই। তাই যদি হয় তখন আমরা ভালভাবে দেখে নেই কিভাবে পরিস্থিতি সামাল দিব। সেভাবেই আমরা পরিকল্পনা প্রণয়ন করি। রোমে ইতালির বিপক্ষে ম্যাচে মেসি ছিলেন না । তেমনি ছিলেন না (সার্জিও) অ্যাগুয়েরো। তারপরও আমরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছিলাম। আগামীতেও এমন পরিস্থিতিতে পড়লে একই কাজই করবো।
প্রশ্ন : সর্বশেষ ইনজুরি থেকে তার সেরে ওঠার সময় পরিস্থিতি কেমন ছিল?
সাবেলা : সে যখন ফের খেলা শুরু করল তখন আমার মন্দ লাগেনি। প্রায় একমাস ধরে সে (মেসি) এখানে ছিল এবং আমি তার ওপর খুব ঘনিষ্ঠভাবে নজর রেখেছিলাম। ইনজুরি থেকে ফিরে তাকে খেলায় নামতে দেখে লাফাতে ইচ্ছে করেছিল।
প্রশ্ন: দুই বছর আগে ফিফা ডট কমকে দেয়া এক সাক্ষাত্কারে আপনি বলেছিলেন যে, সমালোচনায় আপনার কোন সমস্যা হয় না। কারণ এতে আপনার ‘মনের দুয়ার খুলে যায়’। বাছাইপর্বে দ্বিতীয় সেরা হওয়ার পরও আর্জেন্টিনা দলের রক্ষণভাগ নিয়ে যে সমালোচনা সেটাকে কিভাবে দেখেন?
সাবেলা : এটি আমাকে হতাশ করেনি। এটা আমার বোধগম্য। আপনি যখন আক্রমণভাগের সাথে এর তুলনা টানবেন তখন রক্ষণভাগের খারাপটাই বেশি হতে বাধ্য। তারপরও আমাকে প্রতিটি সমালোচনা বিশ্লেষণ করতে হবে এবং এর কোনটা সাময়িক সমাধান হিসেবে আমি ব্যবহার করতে পারি। আমি বলতে চাই, এটি কখনো উপকারী, আবার কখনো না। তবে এর সবগুলোই আমি পড়তে বা শুনতে পারি না। আমি অন্যদের মতো, কিছু অভিমতকে বেশি গুরুত্ব দেই, অন্যগুলোর ক্ষেত্রে কম।
প্রশ্ন: কেউ কেউ যে আপনার দলকে কিছুটা নড়বড়ে বলে সে বিষয়টি নিয়ে কি ভেবেছেন?
সাবেলা : এটি একটি রুক্ষ শব্দ। এটি আর্জেন্টিনা দল। ক্লাব পর্যায়ে এখানে একই ঘটনা ঘটে থাকে। রিভার কিংবা বোকা শিবির নিয়ে যে ঘটনা ঘটেছে এর চেয়ে অনেক বেশি ঘটনা আছে অন্য ক্লাবগুলোর খেলা নিয়ে। তবে জাতীয় দলের প্রতি গোটা জাতির সমর্থন থাকে। তাদের অভিব্যক্তিও থাকে। এটিই খেলার নিয়ম। আমি এখানে আসার আগে থেকেই আমি তাদের বিষয়ে জানি।
প্রশ্ন: গণমাধ্যমের একটি অংশ কার্লোস তেভেজকে ফেরানোর পক্ষে প্রচারণা চালাচ্ছে। বিষয়টি নিয়ে ব্যক্তিগত মত কি?
সাবেলা : একই কায়দায় সবাই তাদের মতামত দিয়ে থাকে। আমি আগেও বলেছি এটি আমি পছন্দ করি। আমি এসব মতামত পড়ি, শুনি এবং দেখি। এর ভিত্তিতে শেষ পর্যন্ত সিদ্ধান্তে উপনীত হই।
প্রশ্ন : তিনি কি ইতালিতে আক্রমণভাগে ভাল নৈপুণ্য দেখাননি?
সাবেলা : আমি আমার স্কোয়াডের বাইরের কোন খেলোয়াড় নিয়ে মন্তব্য করতে চাই না। আমি মনে করি এমনটা সবার জন্যই ভাল। সেটি তেভেজ বা অন্য যে কেউ হোক। তবে আমি বুঝতে পারি অন্যদের রেখে কেন সবাই তার বিষয়ে কথা বলছেন।
প্রশ্ন: রাস্তায় অনুরাগীরা আপনার কাছে বেশি করে কোন্ বিষয়টা জিজ্ঞেস করে?
সাবেলা: আমি খুব বেশি একটা রাস্তায় বের হই না। তবে আমি আর্জেন্টিনার মানুষজনের উত্সাহ দেখি যারা মনে করে আমরা এরই মধ্যে এটা জিতে গেছি। আমি বড়ই হয়েছি আমরা কিভাবে বিশ্বের সেরা হয়েছিলাম সেটা শুনতে শুনতে। এমনকি যখন আমরা কিছুই জিতিনি। সেটাই স্বাভাবিক। এটাই আমাদের ধরন। মাঝে মাঝে আমরা মনে করি আমরা সামর্থ্যের চেয়েও আসলে বেশি ভাল। পরে বাস্তবতা আমাদের মাটিতে নামিয়ে আনে। বেশি আত্মবিশ্বাসী হওয়াটা ভাল নয়। আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে এবং মাটিতে পা রাখতে হবে।
প্রশ্ন: আপনি কিসে বেশি ভয় পাচ্ছেন, মানুষ প্রত্যাশায় ভেসে যাচ্ছে না দল বিশ্বকাপে ব্যর্থ হয়েছে?
সাবেলা : অবশ্যই সম্ভাব্য ব্যর্থতার শঙ্কা।
প্রশ্ন: আপনি কি সফলতাকে ভয় পাচ্ছেন?
সাবেলা: সফলতা খুবই বিপজ্জনক। আপনাকে মাটিতে পা রাখতে হবে। আমি সব সময় পরাজয়ের সময় নিজেকে ঠাণ্ডা রাখার এবং জয়ে বিনম্র হওয়ার চেষ্টা করি। অবশ্যই সফল হওয়াটাই শ্রেয়তর এবং জানতে হবে কিভাবে এটাকে সামলাতে হয়।
-বাসস
