পাকিস্তানে নিরাপত্তা শংকা নেই: এসিসি প্রধান

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ২২:০৩
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান নির্বাহী আশরাফুল হক বলেছেন পাকিস্তানে নিরাপত্তা নিয়ে তিনি কোন শংকা দেখছেন না। তিনি একইসাথে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার মাধ্যমে আত্মবিশ্বাস পুনঃপ্রতিষ্ঠার জন্য দেশটির ক্রিকেট কর্তৃপক্ষের প্রতিও আহবান জানান। লাহোরে ২০০৯ সালে শ্রীলংকা দল বহনকারী বাসে হামলার পর থেকে কোন দল এখানে সফরে না আসায় পাকিস্তানে কোন আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে না। যে কারণে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তান বলতে গেলে এক ঘরে। স্থানীয় ডন পত্রিকায় প্রকাশিত খবরানুযায়ী এসিসি প্রধান নির্বাহী আশরাফুল হক বলেন, তিনি মনে করছেন দেশটিতে অবস্থার উন্নতি হচ্ছে। তার দৃষ্টিতে পাকিস্তানে বর্তমানে নিরাপত্তা নিয়ে কোন শংকা নেই। বাংলাদেশের প্রথম শ্রেণির সাবেক এ ক্রিকেটার বলেন, আন্তর্জাতিক দলগুলোকে সফরে আসতে পাকিস্তানকে ক্রিকেট খেলুড়ে দেশগুলোর বিশ্বাস অর্জন করতে হবে। পাকিস্তানকে সাহায্য করার জন্য এসিসি তার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি।