তিন মাস পর আবার বিসিএল

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ২২:০৩
টানা প্রায় সাড়ে তিন মাসের ক্রিকেট উত্সবের কারণে স্থবির হয়ে ছিল ঘরোয়া ক্রিকেট। বিশ্বকাপ শেষ হবার সাথে সাথেই একে একে আবারও মাঠে গড়াতে শুরু করছে মাঝখানে এসে থমকে যাওয়া টুর্নামেন্টগুলো। জাতীয় লিগের পর এবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। প্রায় তিন মাস পর আবারও চার ফ্র্যাঞ্চাইজি’র এই প্রথম শ্রেণির ক্রিকেট শুরু হবে আগামী ২৮ এপ্রিল। মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বিসিএল নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় চার ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা থেকে সিদ্ধান্ত আসে আগামী ২৮ এপ্রিল থেকে শুরু হবে বিসিএলের তৃতীয় রাউন্ড। চারটি দল নিয়ে বিসিএল শুরু হয়েছে। প্রথম দুই রাউন্ডের খেলা সেই জানুয়ারিতে সম্পন্ন হয়েছিল। এরপরই টানা আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে ঢুকে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ ও টি-টোয়েন্টির মতো বড় আসর থাকায় বাকি খেলা মাঠে গড়ায়নি। বিসিএলের ফাইনাল ম্যাচটি হবে ৪ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত তৃতীয় রাউন্ডের দুটি ম্যাচ হবে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। ফতুল্লার মূল মাঠে ওয়ালটন সেন্ট্রাল জোন ও বিসিবি নর্থ জোনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর আউটার স্টেডিয়ামে ইসলামী ব্যাংক ইস্ট জোন ও প্রাইম ব্যাংক সাউথ জোন খেলবে। তৃতীয় রাউন্ডের খেলা শেষে যে দুই দল পয়েন্ট টেবিলে এগিয়ে থাকবে সেই দুই দল ফাইনাল খেলবে। তৃতীয় রাউন্ড শেষে পাঁচদিনের ফাইনাল ম্যাচটি ৪ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী, প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলতে পারবে। ইতোমধ্যে তারা দুটি করে ম্যাচ খেলেছে। পয়েন্ট টেবিলে সবার উপরে রয়েছে সেন্ট্রাল জোন। দুই ম্যাচে একটিতে জয় ও একটি ড্র করে ৩১ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নর্থ জোন। একটিতে হার ও একটি ড্র করে ১৭ পয়েন্টে তৃতীয় সাউথ জোন। একটি হার ও একটি ড্র নিয়ে চতুর্থ স্থানে আছে ইস্ট জোন (১৫)। ওয়ালটনের ক্রিয়েটিভ ও পাবলিকেশন বিভাগের এজিএম রবিউল ইসলাম (মিল্টন) সভা শেষে বলেন আমরা, ‘চেষ্টা করেছিলাম সবগুলো খেলা মিরপুর মাঠে করার জন্যে। কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাচ থাকায় তৃতীয় রাউন্ডের ম্যাচগুলো ফতুল্লায় হবে। ভারতের দেয়া চিঠির উপর ভিত্তি করে তৃতীয় রাউন্ড মিরপুরে হচ্ছে না। তবে ৪ মে ফাইনাল ম্যাচটি মিরপুরে হবে এবং বোর্ড থেকে আমাদের নিশ্চিত করা হয়েছে, সাকিব ছাড়া বাকি সব খেলোয়াড় খেলায় অংশগ্রহণ করবেন। ফাইনাল ম্যাচটি কোন টেলিভিশনে দেখানো যায় কিনা এ বিষয়ে আমরা চেষ্টা চালাচ্ছি।’ সভায় উপস্থিত ছিলেন বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন সুজন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গাজী মর্তুজা, ওয়ালটন সেন্ট্রাল জোনের পক্ষে প্রতিষ্ঠানটির অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম ও এজিএম মিলটন আহমেদ, ইসলামী ব্যাংকের টিম ম্যানেজার হাসিবুল ইসলাম শান্ত এবং প্রাইম ব্যাংকের শফিউল ইসলাম।