গতকাল শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের প্রথম ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন দিল্লী ডেয়ারডেভিলসের অধিনায়ক কেভিন পিটারসেন। ইনজুরির কারণে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিপক্ষে কাল খেলতে পারছেন না তিনি। গত মৌসুমগুলোতে দলটির পারফরমেন্স খুব বেশি ভাল না হওয়ায় নিজেদের ভাগ্য ফেরাতেই দলে নেয়া হয়েছিল পিটারসেনকে। কিন্তু সম্প্রতি হাতের আঙ্গুলের ইনজুরিতে পড়েন ৩৬ বছর বয়সী পিটারসেন এবং প্রথম ম্যাচেই তার অনুপস্থিতি নিশ্চয়ই দলটির জন্য একটা বড় ধাক্কা। এ বছরের আইপিএল নিলামে ‘রাইট টু ম্যাচ’ তারকা হিসাবে ৯ কোটি রুপির বিনিময়ে পিটারসেনকে দলে টেনেছে দিল্ল¬ী ডেয়ারডেভিলস। ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটসম্যানের অনুপস্থিতিতে আগামীকাল সহ-অধিনায়ক দিনেশ কার্তিক দলের নেতৃত্ব দেবেন।
