চট্টগ্রাম ১ম বিভাগ ফুটবল

বাকলিয়া-কর্ণফুলী পয়েন্ট ভাগাভাগি

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ২২:০৪
বাকলিয়া একাদশ ও কর্ণফুলী স্পোর্টস একাডেমীর মধ্যকার চট্টগ্রামের প্রথম বিভাগ ফুটবল লিগের দ্বিতীয় দিনের খেলাটিও ১-১ গোলে ড্র হয়েছে। ঐতিহ্যবাহী বাকলিয়া একাদশ এক সময়ে খেলতো চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে। এখন তাদের খেলতে হচ্ছে প্রথম বিভাগ ফুটবল লিগে। চলতি মৌসুমে ভাল দল গড়তে না পারায় তারা এই লিগেও টিকতে পারে কিনা সন্দেহ রয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নতুন দল কর্ণফুলী স্পোর্টস একাডেমীর স্ট্রাইকার পারভেজের গোলে এগিয়ে যায়। খেলার ৩৫ মিনিটে মনুর হেডের বল বাকলিয়ার গোল মুখে পারভেজের মাথা ঘুরে জড়ায় জালে (১-০)। এরপর ঘুরে দাঁড়াবার চেষ্টা করে বাকলিয়া একাদশ। শেষ পর্যন্ত অব্যাহত চেষ্টায় তারা গোল শোধ করতে সক্ষম হয়। খেলার অন্তিম মুহূর্তে বাকলিয়ার বদলি খেলোয়াড় ডালিম বল পেয়ে ঢুকে পড়েন বক্সে। এই সময় কর্ণফুলীর গোলরক্ষক রাজিব বড়ুয়া দ্বিধাদ্বন্দ্বে ছিলেন বল ধরা নিয়ে। তার ব্যর্থতার সুযোগ কাজে লাগিয়ে ডালিম প্লেসিং শটে গোল করে (১-১) সমতা আনেন। সমতাসূচক গোলটি হওয়ার পূর্বে বাকলিয়ার স্ট্রাইকার আনিস ও কর্ণফুলী একাডেমীর স্টপার আশরাফ অহেতুক মারামারিতে লিপ্ত হওয়ায় মূল রেফারী ফরহাদ হোসেন দু’জনকে লালকার্ড দিয়ে মাঠ থেকে বের করে দেন। সমতাসূচক গোলের জন্য ডালিম হন ম্যাচ সেরা খেলোয়াড়। আজকের খেলা : আবাহনী জুনিয়র বনাম পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা (বিকাল ৪টা) (এমএ আজিজ স্টেডিয়াম)।