স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কির গোলে জার্মান কাপের ফাইনাল নিশ্চিত করলো বরুশিয়া ডর্টমুন্ড। এটা ছিল ডর্টমুন্ডের হয়ে পোলিশ ফুটবলারটির শততম গোল।
গত মঙ্গলবার রাতে অনুষ্ঠিত সেমিফাইনালে ডর্টমুন্ড উল্ফসবার্গকে ২-০ গোলে হারিয়ে এ কৃতিত্ব দেখায় দলটি। ১৭ মে অনুষ্ঠেয় জার্মান কাপের ফাইনালে দলটি বায়ার্ন মিউনিখ ও কাইজারস্লটার্নের মধ্যকার জয়ীর বিরুদ্ধে খেলবে। দল দুটি গত রাতে মুখোমুখি হয়েছে।
চার বছর আগে পোলিশ ক্লাব লেচ পোসেন থেকে ডর্টমুন্ডে যোগ দেয়া লেভানডোস্কি খেলাটির পর বলেন, ‘আমি এখানে আরো একটি শিরোপা জিততে চাই। সেটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ তেমনটা হলে তার পরবর্তী গন্তব্য বায়ার্নের কপাল পুড়তে পারে। কিন্তু পোলিশ খেলোয়াড়টি এরপরও বলেন, ‘আমি ডর্টমুন্ডের হয়ে শেষ সময়টুকু পর্যন্ত লড়তে চাই।’
এদিন নিজেদের মাঠ সিগন্যাল ইডুনা পার্কে বিরতির ঠিক আগে তার নজির গড়া গোলেই স্বাগতিকরা ব্যবধান দ্বিগুণ করে। এই গোলটির পর তিনি জার্সির নিচে থাকা ১০০ নম্বর ছাপ দেয়া গেঞ্জি বের করে দেখান। এ থেকেই বোঝা যায়, গোলটির জন্য তিনি মানসিক দিক থেকে কতটা প্রস্তুত ছিলেন। যদিও চলতি মৌসুমের শেষে ২৫ বছর বয়সী তারকা স্ট্রাইকারটি ডর্টমুন্ড ছেড়ে নিজের স্বপ্নের ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দিচ্ছেন।
জার্মান কাপের ২০১২ সালের ফাইনালে লেভানডোভস্কির হ্যাটট্রিকে ডর্টমুন্ড ৫-২ গোলে বায়ার্নকে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছিল। এবারও ক্লাবকে একমাত্র শিরোপা হিসেবে জার্মান কাপের ট্রফি উপহার দিয়েই ডর্টমুন্ড ছেড়ে যেতে চান এই পোলিশ তারকা।
ইতোমধ্যেই তার জায়গায় কলম্বিয়ান স্ট্রাইকার আদ্রিয়ান রামোসকে হারথা বার্লিন থেকে আনা নিশ্চিত করেছেন কোচ য়ুর্গেন ক্লপ। খেলা শেষে তিনি বলেন, ‘আমরা এখন ফাইনালে, তাই সবকিছুই ভালভাবে এগুচ্ছে। উল্ফসবার্গের মান সম্পর্কে আমরা জানি, আর তাই ধরেই নিয়েছিলাম ম্যাচটি একপেশে হবে না।’-বাসস/এএফপি
