হকিতে দেড় কোটি টাকা আয়

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ২২:০৫
স্পোর্টস রিপোর্টার এশিয়ান গেমস বাছাই হকির টুর্নামেন্টে প্রায় এক কোটি ষাট লাখ টাকা আয় হয়েছে বলে জানা গেছে। গতকাল হকি ফেডারেশনের সভায় এই আয়ের কতা উল্লেখ করা হয়েছে বলে কমিটির একটি সুত্র জানায়। আয়ের কথা উঠলেও ব্যয়ের বিষয়টি নিয়ে চূড়ান্ত আলোচনা হয়নি। সভায় যেভাবে ব্যায়ের নথিপত্র দেয়া হয়েছে তাতে সন্তুষ্ট হতে পারেননি ফেডারেশন সভাপতি বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল ইনামুল বারী। বিভিন্ন কমিটির দেয়া ব্যয়ের নমুনা দেখে নতুন ভাবে বাজেট ব্যয়ের নথি পত্র জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। ফেডারেশনের একজন কর্মকর্তার সুত্রে জানা যায় এশিয়ান গেমস উপলক্ষ্যে গঠিত বিভিন্ন কমিটি প্রাপ্ত অর্থ সঠিক ভাবে ব্যবহার করেনি। সভায় ফেডারেশন সভাপতি জানিয়েছেন টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যেভাবে দাখিল করা হয়েছিল সেই ফরমেটে ব্যয়ের কাগজ পত্র জমা দিতে হবে। এখানে উল্লেখ্য সাম্প্রতিক সময়ে হকির কর্মকান্ড পরিচালনার জন্য এবং হকিটাকে চাঙ্গা করতে ফেডারেশন সভাপতি অর্থ আনার জন্য সবচেয়ে বড় ভুমিকা পালন করেছেন। অনেক দেনদরবার করে আনা অর্থ অপচয় হোক এটা আশা করেন না ফেডারেশন সভাপতি। যে কারনে খেলার স্বার্থটাকে সামনে রেখে সবাইকে কাজের স্বাধীনতা দিয়ে হকির সাফল্য আনার জন্য চেষ্টা করছেন বর্তমান সভাপতি। এশিয়ান গেমস বাছাই হকিতে চ্যাম্পিয়ন হওয়ায় আপাতত জাতীয় হকি দলের পাকিস্তানী কোচ নাভিদ আলমের চুক্তির মেয়াদ বাড়ছে। আগামী জুনে বর্তমান চুক্তি শেষ হবে। জুলাইয়ে নতুন চুক্তি শুরু হবে, যা চলবে এশিয়ান গেমস পর্যন্ত। গতকাল বিমানবাহিনীর ফ্যালকন হলে গ্রীনডেল্টা প্রিমিয়ার হকি লিগের যুগ্ন চ্যাম্পিয়ন আবাহনী ও ঊষা ক্রীড়া চক্রকে ৩০ হাজার টাকা করে ৬০ হাজার দিয়েছে হকি ফেডারেশন।