বায়ার্নের বিপক্ষে এখনো নিশ্চিত নন রোনালদো

আপডেট : ১৭ এপ্রিল ২০১৪, ২১:২১
হাঁটু ও থাইয়ের ইনজুরি কাটিয়ে বেশ দ্রুতই সেরে উঠছেন রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে বায়ার্ন মিউনিখের বিপক্ষে তার খেলা এখনো নিশ্চিত নয়। রিয়ালের হয়ে গত চারটি ম্যাচে খেলতে পারেননি ব্যালন ডি’র অর জয়ী এই পর্তুগীজ তারকা। এর মধ্যে গত বুধবার বার্সেলোনার বিপক্ষে কোপা ডেল রে’র ফাইনালটিও ছিল। গত ১২ এপ্রিল বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন তিনি । স্পেনের এই জায়ান্ট দলটি ২০০২ সালের পর ইউরোপীয় কাপ জিততে পারেনি। আর তাই বায়ার্নের বিপক্ষে রোনালদোকে দলে পাবার জন্য উন্মুখ হয়ে আছেন রিয়াল কোচ কার্লো অ্যানচেলত্তি। রোনালদো নিজেও ফিট হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী। বার্সেলোনার বিপক্ষে দর্শক হিসেবে খেলা উপভোগের পরে তিনি বলেছেন, এই মুহূর্তে বেশ ভাল অনুভব করছি। এখন আর কোন ব্যথা নেই। আশা করছি বুধবারের ম্যাচে মাঠে ফিরতে পারবো। যত দ্রুত আমি ফিরতে পারবো ততো তাড়াতাড়ি দলকে সহযোগিতা করতে পারবো। দু’দলের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি লেগ ২৯ এপ্রিল মিউনিখে অনুষ্ঠিত হবে। অপরদিকে ফাইনাল ম্যাচটি হবে ২৪ মে পর্তুগালের লিসবনে। —বাসস