কোপা ডেল রে জয়ের পর গ্যারেথ বেলের লক্ষ্য এবার ‘ট্রেবল’ বা ত্রিমুকুট জয়। রিয়াল মাদ্রিদকে বুধবার রাতে স্প্যানিশ টুর্নামেন্টটি জেতানোর পর ওয়েলশ জাতীয় দলের ২৪ বছর বয়সী খেলোয়াড়টি এ কথা জানান।
রিয়াল মাদ্রিদ এখন স্প্যানিশ লিগে দ্বিতীয় স্থানে আছে এবং চ্যাম্পিয়ন্স লিগে শেষ চারে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মুখোমুখি হতে যাচ্ছে। কাজেই আরো দুটি শিরোপা জয়ের সুযোগ আছে বেল এর দলের। এ প্রসঙ্গে বেল বলেন, ‘এটা ছিল খুবই বিশেষ কিছু। জয়ের জন্য সম্ভাব্য তিনটি শিরোপার মধ্যে প্রথমটি আমরা জিতেছি। কাজেই এখন আমাদের সবকিছুর জন্য লড়াই চালাতে হবে।’
টটেনহ্যাম হটস্পারের সাবেক এই তারকা স্পেনে পাড়ি জমানোর পর বড় ম্যাচগুলোয় অবদান রাখতে পারছিলেন না বলে অভিযোগ ওঠে। বিশেষ করে গেল গ্রীষ্মে সাড়ে আট কোটি পাউন্ডে বিশ্ব রেকর্ড গড়ে বার্নাব্যুতে পাড়ি জমানোর পর।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা ২০টি। এর মধ্যে ১৪টি লা লিগায়। কিন্তু কোপা ডেল রে’র আগ পর্যন্ত রিয়ালের পাঁচটি বড় খেলায় তিনি ছিলেন গোলশূন্য। এগুলোর মধ্যে আছে শিরোপা প্রতিদ্বন্দ্বি অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার সাথে চারটি খেলা এবং বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগের লড়াইটিতে।
এখন কোপা ডেল রে’র ফাইনালে দলের জয়ে অবদান রাখার পর কোচ কার্লো অ্যানচেলোত্তি জানান, গোলটি প্রমাণ করলো বেল গুরুত্বপূর্ণ খেলায় প্রভাব রাখতে পারেন। তিনি বলেন, ‘এটা অবশ্যই বেলের ক্যারিয়ারের সবচাইতে গুরুত্বপূর্ণ গোল। এটা খেলার মোড় পরিবর্তনকারী মুহূর্তে আসে।’
স্প্যানিশ লিগে রিয়াল এখন শীর্ষে থাকা অ্যাটলেটিকোর চাইতে কেবল তিন পয়েন্টে পিছিয়ে আছে। হাতে আছে পাঁচটি খেলা। তার আগে দলটি এই বুধবারে নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী বায়ার্ন মিউনিখকে আতিথ্য দিতে যাচ্ছে।
এ মৌসুমে গ্যারেথ বেলের গোল
লা লিগা চ্যাম্পিয়ন্স লিগ কোপা ডেল রে
খেলা ২৫ ৯ ৪
গোল ১৪ ৫ ১
জোগান ১১ ২ ১
