পাকিস্তানকে আতিথেয়তা দেয়ার পরিকল্পনা নেই : ইসিবি

আপডেট : ১৭ এপ্রিল ২০১৪, ২১:২১
পাকিস্তান ক্রিকেট দল আগামী বছর ইংল্যান্ড সফর করবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে এমন দাবি করা হলেও ইংল্যান্ড এন্ড ওয়ালস ক্রিকেট বোর্ড (ইসিবি) তা অস্বীকার করেছে। আগামী গ্রীষ্মে পাকিস্তান দলকে আতিথেয়তা দেয়ার কোন পরিকল্পনা নেই বলে পাকিস্তানের একটি ওয়েবসাইটকে নিশ্চিত করেছে ইসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি গত বৃহস্পতিবার সামাজিক গণমাধ্যমে বলেন, ‘২০১৫ গ্রীষ্ম মৌসুমে আমরা ইংল্যান্ডে খেলবো।’ তার এমন বক্তব্যে ইংল্যান্ডে অথবা বিকল্প কোনো ভেন্যুতে প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বেশ আশান্বিত হয়ে ওঠে । তবে আগামী বছর ইংল্যান্ডে তাদের কোন সূচি না থাকার কথা নিশ্চিত করে ইসিবি পাকিস্তানের প্রত্যাশার সমাপ্তি টেনেছে। ইসিবির এক বিবৃতিতে বলা হয়, ‘আগামী বছর পাকিস্তানকে আতিথেয়তা দেয়ার কোন পরিকল্পনা আমাদের নেই।’