জানার কর্নার

ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ১৯:৫৮
‘হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন;’- এই বিবিধ রতনকে চিনতে, জানতে, প্রকাশ, প্রয়োগ ও উত্পাদনশীল করে কল্যাণমুখী কাজে ব্যবহার করতে প্রয়োজন শিক্ষা। ডা. মালিকা আল রাজী প্রবাসে বসেও যুক্ত হয়েছেন এমনই এক ফেডারেশনের সঙ্গে আর চিন্তায় ও মননে রেখেছিলেন স্বদেশ ভাবনাকে। তাই ১৯৬৫ সনে শুরু হয় ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজের পথ চলা। উদ্দেশ্য অনগ্রসর নারী জাতিকে এগিয়ে নেয়া ও কর্মমুখী করে গড়ে তোলা। জুলাই মাসে প্রথমে ধানমন্ডির ৬ নং সড়কে শহীদ জননী জাহানারা ইমামের মায়ের বাড়িটি ভাড়া করে আত্মপ্রকাশ হয় কলেজটির। প্রতিষ্ঠালগ্নে মিসেস তাসলিমা আবেদ, ডা. মালিকা আল রাজী, দিল আফরোজ হক, মিসেস আফিফা হক, খোরশেদী আলম, শাহানারা আলম, ড. ফাতেমা সাদেক যুক্ত ছিলেন। মহত্ কাজের পেছনে দীর্ঘ কর্ম ইতিহাস থাকে। ইউনিভার্সিটি উইমেনস ফেডারেশন কলেজেরও রয়েছে সে রকম ইতিহাস। নিষ্ঠা, শ্রম, ধৈর্য দিয়ে পার করেছেন তারা সে সময়। বাণিজ্যিক মনোবৃত্তি নয় সেবার মনোবৃত্তিতেই সৃষ্টি। শিক্ষার সঙ্গে সাংস্কৃতিক, সামাজিক, মানবিক মূল্যবোধ সমৃদ্ধ প্রজন্ম তৈরি করাও তাদের একটি কর্ম। শিক্ষার গুণগত মাননির্ণয়ে এ বিষয়গুলোও এক একটি উপাদান বলে মনে করে এ প্রতিষ্ঠানটি। এজন্যে বিভিন্ন উদ্দীপনামূলক কর্মও পরিচালিত হয়ে থাকে এখানে। কলেজের ভৌত অবকাঠামো শিক্ষার্থীদের মনোযোগী কার্যক্রমের অনুকূল। বোর্ডে মেধা তালিকা, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষক এসবের সনদও রয়েছে কলেজটির। ছাত্রী হোস্টেল, সুসজ্জিত লাইব্রেরিতে রয়েছে দেশি-বিদেশি বই, সাময়িকী, জার্নাল, রয়েছে সেমিনার কক্ষ, কম্পিউটার ল্যাব, খেলার মাঠ, অধ্যক্ষ আফরোজা ইয়াসমিন সদা হাস্য, সকলের সুখ দুঃখের কথা শুনেন আর সহযোগিতা করেন সকল কর্মে। মাধবী বিশ্বাস ও তার সহপাঠীরা এ কলেজে পড়ে গর্ববোধ করে।