অবস্থানের দিক থেকে রাজশাহী বিভাগের চেয়ে ঢাকা বিভাগ বেশ খানিকটা এগিয়ে থাকলেও মাত্র এক রাউন্ড বাকি থাকতে তাদের জয়ী বলে ঘোষণা করে দেয়া যাচ্ছে না। লিগের পয়েন্ট বন্টন পদ্ধতি অনুযায়ী প্রতিটি রাউন্ড থেকে একটি দল সর্বোচ্চ ২৫ পয়েন্ট আদায় করে নিতে পারবে। তাই আজ থেকে শুরু হতে যাওয়া সপ্তম ও শেষ রাউন্ডের ম্যাচের আগে রাজশাহীর শিরোপা জয়ের সম্ভাবনাও থাকছে।
এসব হিসাব নিকাশকে সামনে রেখে জাতীয় ক্রিকেট লিগের ১৫তম আসরের শেষ রাউন্ড মাঠে গড়াচ্ছে আজ। দিনে অনুষ্ঠিত হবে চারটি ম্যাচ। তবে বাকি ম্যাচগুলো ছাপিয়ে দৃষ্টি আটকে থাকবে কেবল দুটি ম্যাচের দিকে। সে দুটি হল ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের খেলা। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা বিভাগ মোকাবিলা করবে খুলনা বিভাগের। অপরদিকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহী বিভাগের প্রতিপক্ষ ঢাকা মেট্রো।
দিনের বাকি দুটি ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হবে সিলেট বিভাগ ও চট্টগ্রাম বিভাগ আর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের আউটার মাঠে খেলবে বরিশাল ও রংপুর বিভাগ।
পয়েন্ট তালিকায় এখন পর্যন্ত শীর্ষস্থান ধরে রাখলেও আজকে ঢাকার লড়াইটা মোটেই সহজ হবে না। শেষ রাউন্ডে আজ তাদের প্রতিপক্ষ খুলনা। একই ভেন্যুতে এই খুলনাই গত রাউন্ডে ঢাকা মেট্রোকে হারিয়েছিল পাঁচ উইকেটে। ছয় ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থান ধরে রেখেছে দলটি। আর ঢাকা বিভাগকে হারিয়ে রানার আপ হবার সুযোগও থাকছে দলটির সামনে।
অন্যদিকে রাজশাহীর জন্য লড়াইটা তুলনামূলক সহজ। আগের ম্যাচেই চট্টগ্রাম ৪০৩ রানের বিশাল ব্যবধানে হারানোর পর দারুণ ফুরফুরে মেজাজে থাকা রাজশাহীর প্রতিপক্ষ আজ পয়েন্ট তালিকায় শেষের দিকে থাকা দল ঢাকা মেট্রো। আর আচরণ বিধি ভঙ্গের কারণে এক ম্যাচ নিষিদ্ধ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও আজ থাকছেন একাদশের বাইরে।
আজকের খেলা
খুলনা বিভাগ ঢাকা বিভাগ (কক্সবাজার)
ঢাকা মেট্রো রাজশাহী বিভাগ (চট্টগ্রাম)
সিলেট বিভাগ চট্টগ্রাম বিভাগ (বিকেএসপি-৩)
রংপুর বিভাগ বরিশাল বিভাগ (ফতুল্লা আউটার)
পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় পরাজয় ড্র পয়েন্ট
ঢাকা বিভাগ ৬ ৪ ১ ১ ১১১
রাজশাহী বিভাগ ৬ ৩ ০ ৩ ৯০
খুলনা বিভাগ ৬ ২ ০ ৪ ৮০
রংপুর বিভাগ ৬ ২ ১ ৩ ৬৯
সিলেট বিভাগ ৬ ২ ৩ ১ ৬৪
ঢাকা মেট্রো ৬ ১ ৩ ২ ৫৭
চট্টগ্রাম বিভাগ ৬ ১ ৩ ২ ৪৩
বরিশাল বিভাগ ৬ ০ ৪ ২ ২৮
