আবারো কোচের খোঁজে পিসিবি

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ২২:৩৩
আবারো কোচ খুঁজতে শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বর্তমান প্রধান কোচ মঈন খান, ফিল্ডিং কোচ শোয়েব মাকসুদ এবং ব্যাটিং পরামর্শক জহির আব্বাসের চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয়ায় এসব পদে নতুন করে আবেদন চাওয়া হয়েছে। ২০১৪ সালের প্রথম দিকে বিজ্ঞাপন দেয়ার পর পিসিবি’র এটা দ্বিতীবারের মত নতুন কোচের সন্ধানে নামা। ওয়াসিম আকরাম, ইন্তিখাব আলম এবং জাভেদ মিয়াঁদাদের সুপারিশে গত ফেব্রুয়ারিতে বর্তমান কোচদের নিয়োগ দিয়েছিল পিসিবি। তবে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপে দলের পারফরম্যান্সে বোর্ড সন্তুষ্ট না হওয়ায় নতুন কোচের সন্ধানে নেমেছে কর্তৃপক্ষ। আবেদনের জন্য আগামী ৫ মে পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিয়েছে পিসিবি। কেবলমাত্র এ তিন পদের জন্যই নয় একই সাথে স্পিন বোলিং পরামর্শক, স্পোর্টস ফিজিওথেরাপিস্ট এবং স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচের জন্যও আবেদন চাওয়া হয়েছে। ডেভ হোয়াটমোর এবং জুলিয়ান ফাউন্টেন চলে যাওয়ার পর থেকেই স্থিতিশীল কোচিং স্টাফ খুঁজে পেতে ব্যর্থ হয়েছে পাকিস্তান ক্রিকেট কর্তৃপক্ষ। এ জন্য অবশ্য পিসিবি’র নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তাও দায়ী। গত ফেব্রুয়ারি মাসে পিসিবি’র অন্তর্বর্তীকালীন প্রধান হিসাবে ফিরে আসা নাজাম শেঠি ওয়াকার ইউনিসকে বাদ দিয়ে প্রধান কোচ হিসাবে মঈনকে বেছে নেন। অথচ এ পদের প্রধান দাবিদার ছিলেন ওয়াকার ইউনিস। তবে এবারও প্রধান কোচ হিসেবে সাবেক কোন পাকিস্তানি খেলোয়াড়কেই প্রাধান্য দেয়া হচ্ছে বলে জানা গেছে। বিদেশি যে সকল আবেদন আসবে তাদেরকে ফিল্ডিং কোচসহ সাপোর্টিং স্টাফ হিসেবে বিবেচনা করা হবে বলেও জানা গেছে। ইতোপূর্বে ২০১০ সালের মার্চ থেকে ২০১১ সালের সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব পালন করা ওয়াকার ইউনিসকে এ পদে শক্ত প্রার্থী হিসাবে বিবেচনা করা হচ্ছে এবং তিনিও দায়িত্ব নিতে আগ্রহী বলে জানা গেছে। মঈনকে পিসিবি’র অন্য কোন দায়িত্ব দেয়া হতে পারে এবং সেটা হতে পারে নির্বাচক কমিটির প্রধান। মঈন সম্প্রতি পিসিবি ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে সাক্ষাত্ করে এবং আসন্ন গ্রীষ্মকালীন মৌসুমে ৩০ জন খেলোয়াড়ের তালিকা দিয়েছেন বলে জানা গেছে। -বাসস