পারিবারিক কারণ এবং পেশাগত কারণে ঢাকায় টেবিল টেনিস খেলোয়াড় মানস চৌধুরি ক্যাম্প করতে পারছিলেন না। দেশের স্বার্থের কথা মাথায় রেখে জাতীয় দলের এই তারকা খেলোয়াড় সপ্তাহে চারদিন ঢাকায় অনুশিলন ক্যাম্প করতেন। বাকি তিন দিন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থায় নিয়মিত অনুশিলন করেছেন। তারপরও এই খেলোয়াড়কে স্কটল্যান্ডে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমস থেকে বাদ দিয়েছে অলিম্পিক অ্যাসোসিয়েশন।
সপ্তাহে সাত দিন ঢাকায় থেকে অনুশিলন করতে না পারার কারণ দেখিয়ে মানসকে বাদ দিয়ে তার বদলে নতুন খেলোয়াড় অন্তর্ভুক্ত করার জন্য বিওএ চিঠি দিয়েছে টেবিল টেনিস ফেডারেশনকে। মানস বলছেন, ‘আমি চট্টগ্রামে অনুশিলন করতে পারছি। ঢাকায় পুরো সাত দিন অবস্থান করতে হলে আমার পরিবারের জন্য ক্ষতি হবে। আমাকে তো পেট চালাতে হবে। পেশায় আমি ডাক্তার। আমি কী ডাক্তার হয়ে অপরাধ করলাম ?’
এসব কথায় কাজ হয়নি। বিওএ মানতে নারাজ। মানস এদেশের সিনিয়র খেলোয়াড়। একাধারে জাতীয় টিটিতে বর্তমান চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড কাপ টিটি বাছাই সিলেকশনে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এমনকি কমনওয়েলথ বাছাই সিলেকশনেও চ্যাম্পিয়ন এই প্রতিভাবান খেলোয়াড়। তারপরও বিওএ দেশের স্বার্থের কথা না ভেবে তাকে বাদ দিয়েই অন্য আরেকজনকে নিতে উদ্যোগ নিয়েছে। বিওএ’র প্রশিক্ষণ সংশ্লিষ্ট একজন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, ‘ক্যাম্পের নিয়ম মানতে হবে।’
খেলোয়াড়রা দাবি করেন তারা মানসের সমর্থনে চট্টগ্রামে গিয়ে অনুশিলন করতে রাজি। কিন্তু টিটি ফেডারেশনের সাধারণ সম্পাদক জোবেরা রহমান লিনু সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরাও পাঠাতে চাই কিন্তু কোচ ছাড়া আমি একটা দলকে পাঠাই কিভাবে। কে খেলোয়াড়দেরকে গাইড করবে।’ ফেডারেশনের একটি সুত্র জানায় ফ্রান্সে কোচ ছাড়াই দল পাঠিয়েছিল ফেডারেশন। এবার ২৫ এপ্রিল জাপানের উদ্দেশ্যে বিশ্বকাপ টিটি খেলতে যাচ্ছে কোচ ছাড়াই।
