আবারো মানসিক অবসন্নতায় ট্রট

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ২২:৩৪
মানসিক বিষণ্নতার কারণে অ্যাশেজ সিরিজের মাঝ পথেই দেশে ফিরে আসা ইংলিশ ব্যাটসম্যান জোনাথন ট্রট একই কারণে ক্রিকেট থেকে আবারো বিশ্রামে যাচ্ছেন বলে গতকাল একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। সর্বশেষ অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ায় ব্রিজবেন টেস্টের পর অ্যাশেজ সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার কারার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রট। ইংল্যান্ড এন্ড ওয়ালস ক্রিকেট বোর্ড (ইসিবি) যাকে ‘মানসিক বিষণ্নতা’ হিসাবে অভিহিত করেছিল। অ্যাশেজ থেকে নাম প্রত্যাহার করার পর দীর্ঘ চার মাস ক্রিকেট থেকে দূরে ছিলেন ৩২ বছর বয়সী ট্রট। এ সময় তিনি মনোবিজ্ঞানীর সঙ্গে কাজ করেছেন এবং তার ক্যারিয়ার পুনর্গঠন করতে ইসিবির মেডিক্যাল দল তাকে সহায়তা দিয়েছে। অ্যাশেজ সিরিজ থেকে প্রত্যাহারের ঘটনাকে পরবর্তীতে ‘বার্ন আউট’ হিসাবে অভিহিত করে ট্রট বলেন চলতি মৌসুমেই তিনি ইংল্যান্ড দলে ফেরার আশা করছিলেন। কিন্তু গতকাল ডেইলি মিরর পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশীপে উরস্টারশায়ারের হয়ে মাত্র এক ম্যাচে সাসেক্সের বিরুদ্ধে যথাক্রমে ৩৭ ও ২৬ রান করার পরই আবারো সে বিশ্রামে যাচ্ছেন। স্থানীয় আরেক দৈনিক মেইলও প্রায় একই ধরনের খবর প্রকাশ করেছে। তাদের ভাষ্য মতে আবেগ প্রবণ ট্রটের জন্য এমন সিদ্ধান্ত নেয়াটা মোটেও সহজ নয়। কিন্তু তার মানসিক অবস্থা এমন পর্যায়ে গেছে আবারো বিশ্রামে যাওয়া ছাড়া কোন বিকল্প দেখছেন না তিনি। এবার যদি বড় সময়ের জন্য বিশ্রামে থাকতে হয় সেক্ষেত্রে ট্রটের জাতীয় দলের হয়ে ক্যারিয়ার শেষও হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে গণমাধ্যমগুলো। আগামী ২/১ দিনের মধ্যেই ট্রটের কাছ থেকে কোন ঘোষণা পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে গতকাল ট্রটের কাছ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।-বাসস