বিশ্বকাপের আগেই নেইমারের সেরে ওঠার আশা

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২১:৫১
ব্রাজিলের ফুটবল তারকা নেইমার বলেছেন, জুনে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন এবং পায়ের ইনজুরি এতে কোন প্রভাব ফেলবে না। বার্সেলোনার হয়ে মৌসুমের বাকি সময়টায় মাঠে ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি । নেইমার গত বুধবার কোপা ডেল রে’র ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে বার্সেলোনার ২-১ গোলে হারা ম্যাচটিতে ইনজুরিতে পড়েন ২২ বছর বয়সী নেইমার। বার্সেলোনা জানিয়েছে পায়ে ইনজুরির কারণে অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলের এই তারকা ফুটবলারকে। এমনকি ক্লাব মৌসুমের বাকি সময়ে আর মাঠে দেখা নাও যেতে পারে তাকে। এ কারণে লা লিগার শিরোপা জয় নিয়েই এখন চিন্তিত বার্সেলোনা। বিশ্বকাপ শুরু হবে ১২ জুন। সে হিসেবে দুই মাসেরও কম সময় পাচ্ছেন নেইমার। সঙ্গত কারণেই ব্রাজিল দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়টির এই ইনজুরি সংশ্লি¬ষ্টদের ভাবিয়ে তুলেছে। যদিও নেইমার নিজে বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে ওঠার ব্যাপারে দারুণ আশাবাদী। তিনি বলেছেন, আমার সবসময়ই মনের মধ্যে একটা ভয় ছিল হয়তবা যেকোন ধরনের ইনজুরি আমাকে বিশ্বকাপের সময় মাঠের বাইরে ঠেলে দিবে। কিন্তু আগামী তিন সপ্তাহের মধ্যে মাঠে ফিরে আসার আশা করছি, বার্সেলোনার হয়ে শেষ ম্যাচেও খেলার ব্যাপারে আমি আশাবাদী। ব্রাজিল কোচ লুই ফিলিপ স্কলারির বিবেচনায় নিজেদের মাঠে এবারের বিশ্বকাপ দলের নেতৃত্ব নেইমারের কাঁধে উঠবে বলেই ইঙ্গিত পাওয়া গেছে। বার্সেলোনার সাথে আলোচনা করে ব্রাজিল জাতীয় দলের মেডিক্যাল বিভাগ ইতোমধ্যেই নেইমারকে বেশ কিছু পরামর্শ দিয়েছে। এর মধ্যে ওয়েট ট্রেনিংসহ সাঁতারও রয়েছে। বিশ্বকাপে সেলেচাওদের হয়ে দ্বিতীয় কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে নেইমার বিশ্বকাপে দশ নম্বর জার্সি পড়তে যাচ্ছেন। ১৯৫৮ সালের ফাইনালে মাত্র ১৭ বছর বয়সে এই নম্বরের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন পেলে। এরপর অবশ্য তিনি ১৯৬২ এবং ১৯৭০ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য হিসেবে এই একই নম্বরের জার্সি গায়ে মাঠ মাতিয়েছিলেন। বাসস/এএফপি