কলোম্বিয়ান তারকা স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও হয়তবা বিশ্বকাপে মাঠে নামতে পারবেন, কিন্তু এতে তিনি ঝুঁকির থেকে শতভাগ মুক্ত হতে পারবেন না। এমন আশঙ্কার কথাই জানিয়েছেন মোনাকোর এই তারকার হাঁটুতে অস্ত্রোপচার করা চিকিত্সক হোসে কার্লোন নোরোনহা। স্থানীয় একটি সংবাদ সংস্থাকে এই চিকিত্সক বলেন, ‘আমি বিশ্বাস করি, সে বিশ্বকাপে খেলতে পারবে। কিন্তু বিশ্বকাপের মত সর্বোচ্চ পর্যায়ের এই টুর্নামেন্টে ফ্যালকাও তার শতভাগ দিতে পারবে না।’ বিশ্বকাপে কলোম্বিয়ার মূল অস্ত্রই ভাবা হচ্ছিল ফ্যালকাওকে। কিন্তু গত ২২ জানুয়ারি ফ্রেঞ্চ কাপে তিনি ইনজুরি আক্রান্ত হন এবং তিনদিন পরে পর্তুগালের পোর্তোতে তার হাঁটুর অস্ত্রোপচার করা হয়। এই ধরনের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে সাধারণত ছয় থেকে নয় মাস সময় লাগে বলেও ঐ সময় চিকিত্সকরা জানিয়েছিলেন।—বাসস
