পিটার মুরস দ্বিতীয়বারের মতো ইংল্যান্ড ক্রিকেট দলের কোচ হলেন। ইংল্যান্ড এন্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি) গতকাল শনিবার তাকে নিয়োগ দেয়ার কথা নিশ্চিত করে।
অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজে ৫-০ ব্যবধানে দলের হোয়াইটওয়াশ হওয়ায় জিম্বাবুয়ের সাবেক ব্যাটসম্যান এন্ডি ফ্লাওয়ার জানুয়ারিতে পদত্যাগের পর তার স্থলে মুরসকে নিয়োগ দেয়া হলো। দ্বিতীয়বার ইংল্যান্ড দলের কোচ হওয়া প্রথম ব্যক্তি হলেন ল্যাঙ্কাশায়ার ক্রিকেট কাউন্টির দায়িত্বে থাকা ৫১ বছর বয়সী মুরস।
তিনি এর আগে ডানকান ফ্লেচারের স্থলে ২০০৭-২০০৯ সাল পর্যন্ত দুই বছর ইংল্যান্ড দলের কোচের দায়িত্ব পালন করেন তিনি। কেভিন পিটারসেনের সাথে বিবাদে জড়িয়ে পড়ায় তাকে বরখাস্ত করা হয়েছিল। পিটারসেনকেও অধিনায়কত্ব হারাতে হয়। নইলে তার শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয় দিয়ে। সব মিলিয়ে আগের দফায় ইংল্যান্ডকে সাতটি টেস্ট সিরিজে নেতৃত্ব দেন তিনি। তিন ঘরানার ক্রিকেটের জন্য একজন কোচ নিয়োগের ঘোষণা দেয়ার পর মুরের নিয়োগ মানে সীমিত ওভারের কোচ অ্যাশলে জাইলসের দিনও শেষ হওয়ার পথে।
ইংলিশ কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারকে ২০১১ সালে শিরোপা জেতান মুরস। ১৯৩৪ সালের পর এটি ছিল ল্যাঙ্কাশায়ারের প্রথম কাউন্টি শিরোপা জয়। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে এই কাউন্টিতে যোগ দেয়ার আগে তিনি সাসেক্সকেও ২০০৩ সালের কাউন্টি শিরোপা পাইয়ে দেন।
ইসিবির দেয়া বিবৃতিতে মুর বলেন, ‘ইতোপূর্বে দায়িত্ব পালন করা জায়গায় পুনরায় ফিরে আমি দারুণ অভিভূত এবং অধিনায়ক অ্যালস্টেয়ার কুক এবং দলের বাকি সকল খেলোয়াড় ও স্টাফদের সঙ্গে শক্তিশালী সম্পর্ক পুনর্গঠনের বিষয়ে আমি আশাবাদী। পরিবর্তনের সময়ই সুযোগ আসে এবং এজন্য আমার তর সইছে না।’
ইসিবি ম্যানেজিং ডিরেক্টর পল ডাউনটন বলেন, ‘একজন অসাধারণ কোচ হিসাবে সমগ্র বিশ্বে মুরের একটা পরিচিতি রয়েছে। আরো বেশি অভিজ্ঞতা ও ধারণা নিয়ে আরো বেশি চ্যালেঞ্জ মোকাবিলা করার প্রস্তুতি নিয়ে তিনি আবারো ইংল্যান্ড দলে ফিরলেন।’
অ্যান্ডি ফ্লাওয়ার দলের কোচ হিসাবে না থাকলেও ইসিবি তাকে আরো বেশি দায়িত্ব দিয়ে ম্যানেজমেন্টেই রেখেছে। টেকনিক্যাল ডিরেক্টর অব এলিট কোচিং নামে গত মাসে একটি পদ সৃষ্টি করে ইসিবি। এর দায়িত্ব দেয়া হয়েছে ফ্লাওয়ারকে।
ইংল্যান্ড দলের পরবর্তী খেলা হলো একটি ওয়ানডে ম্যাচ। ৯ মে স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলাটি হবে অ্যাবারডিনে। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০ মে ওভালে একটি টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে সীমিত ওভার ও টেস্ট সিরিজ দুটি। বাসস/এএফপি
