শেখ রাসেলে সার্বিয়ান কোচ

মারুফকে অব্যাহতি

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২১:৫৩
শেখ রাসেল ক্রীড়া চক্র হঠাত্ করেই মারুফুল হককে বাদ দিয়ে ফুটবল দলের জন্য সার্বিয়ান কোচ ড্রাগনকে দায়িত্ব দিয়েছে। পরশু হঠাত্ করে সার্বিয়ান এই কোচকে ঢাকায় আনে দলটি। গতকাল সকালে ক্লাব কর্মকর্তারা খেলোয়াড়দের মিটিং করে জানিয়ে দিয়েছেন নতুন কোচের অধীনে প্রশিক্ষণ নিতে হবে। বর্তমান কোচ মারুফুল হককে বিদায় দেয়া হয়েছে। গতকাল বিকালেই সার্বিয়ান কোচের অধীনে প্রশিক্ষণ শুরু করে শেখ রাসেলের খেলোয়াড়রা। জানা গেছে, স্বাধীনতা কাপ ফুটবলে শেখ রাসেলের পারফরম্যান্স পছন্দ হয়নি ক্লাব কর্মকর্তাদের। এই দলটি টুর্নামেন্টের সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছিল ফেনীর সকার ক্লাবের কাছে হেরে। তা ছাড়াও প্রিমিয়ার ফুটবল লিগে শেখ রাসেলের অবস্থা খুব একটা ভালো না। ১০ খেলায় ১৫ পয়েন্ট নিয়ে শেখ রাসেল আছে তিন নম্বর স্থানে। সার্বিয়ান কোচ এনে শিরোপা লড়াইয়ে ফিরতে চায় গত মৌসুমের ট্রেবল জয়ী এই ক্লাব। যদিও মারুফের অধীনে তারকা খেলোয়াড় নিয়ে গড়া দল শেখ রাসেল গত মৌসুমে তিনটি ট্রফি ঘরে তুলেছিল। তারপরও কেন মারুফকে বদলে নতুন কোচ আনা হলো তা জানতে শেখ রাসেলের সভাপতি নুরুল আলম চৌধুরীরর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি। ফোন বন্ধ পাওয়া যায় কোচ মারুফুল হকেরও।