চেলসির হার, রেফারিদের মরিনহোর ‘অভিনন্দন’

আপডেট : ২০ এপ্রিল ২০১৪, ২২:০০
কোচ হোসে মরিনহো গত শনিবার রাতে সান্ডারল্যান্ডের কাছে চেলসির ২-১ গোলের হারের পর রেফারি মাইক ডীন ও মাইক রিলেকে ক্ষুব্ধ অভিনন্দন জানিয়েছেন। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটির বিরুদ্ধে নিজেদের মাঠে বিতর্কিত পেনাল্টিতে হার মানে মরিনহোর দল। ফলে লিগের শীর্ষ দল লিভারপুলের চাইতে পাঁচ পয়েন্টে পিছিয়ে পড়ে দলটি শিরোপার দৌড় থেকে একরকম ছিটকে গেলো। মরিনহো মুলত এই বিতর্কিত গোলটির কারণেই খেলা শেষে উভয় দলের প্রশংসা করার পরপরই রেফারিদের প্রতি বিনম্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি গণমাধ্যমের কাছ থেকে কোন প্রশ্ন নেননি। বরং এর পরিবর্তে রেফারিদের ‘অভিনন্দিত’ করেন তিনি। এ ব্যাপারে পর্তুগীজ কোচটি ডীন সম্পর্কে বলেন, ‘তার পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য’। তিনি আরো বলেন, রিলে রেফারিদের নিয়ে তাদের উদ্দেশ্য সাধনের ব্যাপারগুলো ভালভাবে সামলেছেন।’ মরিনহোকে অবশ্য তার সহকারী রুই ফারিয়াকে সামলাতে হয়। ফারিয়া ৭৯ মিনিটে পেনাল্টিটির পর রেফারি ডিনের সাথে বচসায় লিপ্ত হয়েছিলেন। এ কারণে তাকে অবশ্য মাঠের ধার থেকে বহিষ্কার করা হয়। রেফারিদের সংগঠনের প্রধান মাইক রিলেকে নিয়ে মরিনহো বলেন, ‘অভিনন্দন মাইক রিলেই কারণ সে রেফারিদের বস। পুরো মৌসম জুড়ে তারা যা করেছে তা অসাধারণ বিশেষ করে গত দুই মাস ধরে। আরো পরিষ্কার করে বললে শিরোপা প্রতিযোগিতায় আমরা যাদের বিরুদ্ধে লড়ছি সেগুলোতে। এটি সত্যিই অসাধারণ।’ চেলসি ১২ মিনিটে স্যামুয়েল ইতোর গোলে এগিয়ে যায়। এর ছয় মিনিট পর কন্নর উইকহ্যামের গোলে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর ডীনের দেয়া ৭৯ মিনিটের পেনাল্টি সিদ্ধান্তে ব্ল্যাক ক্যাটদের পক্ষে জয়সূচক গোলটি করেন ফ্যাবিও বোরিনি। মরিনহোকে আচরণবিধি লঙ্ঘন করায় চলতি মৌসমে দুই বার দর্শক স্ট্যান্ডে পাঠানো হয়েছিল। অ্যাস্টন ভিলার বিরুদ্ধে মার্চে হারা ম্যাচটিতে র্যামিরেসকে লাল কার্ড দেখানোর প্রতিবাদ করায় একবার এবং অন্যটি ছিল অক্টোবরে কার্ডিফের বিরুদ্ধে জেতা খেলায় রেফারি অ্যান্থনি টেলরকে অযাচিত প্রশ্ন করায়। রেফারিদের সাথে মরিনহোর এ ধরনের ঝগড়াঝাটির ঘটনা নতুন নয়। ২০০৫ সালে চেলসির দায়িত্বে থাকার সময়ে উয়েফা তাকে ‘ফুটবলের শক্রু’ হিসেবেও আখ্যা দিয়েছিল। কেননা সেবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বার্সেলোনার বিরুদ্ধে তার দল হেরে গেলে রেফারি অ্যান্ডারস ফ্রিস্কের বিরুদ্ধে অভিযোগ তোলেন মরিনহো। যেটি নিয়ে পরে চেলসি সমর্থকেরা তাকে জীবননাশের হুমকি দিলে সুইডিশ রেফারিটি অবসর নিতে বাধ্য হয়েছিলেন। রিয়াল মাদ্রিদে থাকাকালীন ২০১১ সালে মরিনহো অভিযোগ করেন রেফারির কারণে তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে পারেননি। সেবার রেফারি বার্সেলোনার প্রতি পক্ষপাতদুষ্ট ছিল বলে অভিযোগ এনেছিলেন তিনি। এ মৌসুমের শুরুর দিকে তিনি লিভারপুলের প্রতি প্রচ্ছন্ন ইঙ্গিত করে বলেছিলেন, ‘কিংস অব দ্য পেনাল্টিস’। লিভারপুল চলতি মৌসুমে ১২টি পেনাল্টি পেয়েছে যা অন্য যে কোন দলের চাইতে পাঁচটি বেশি।