মোহামেডান ভাগ্যগুণে ১০ মিনিটে পাওয়া গোলটির উপর ভর করে হারালো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। তবে এই গোলটি ধরে রাখার জন্য মোহামেডানকে লড়তে হলো পরবর্তী ৮০ মিনিট। ফুটবল বোদ্ধাদের কাছে এটা নেগেটিভ ফুটবল মনে হতে পারে। কিন্তু কে কি বললেন সেটা মাথায় নিতে চান না মোহামেডানের পর্তুগীজ কোচ রুই বাতিস্তুা ক্যাপেলা। তিনি খেলা শেষে সংবাদ মাধ্যমের কাছে সহজেই বলেন, ‘আমি এক গোল ধরে রাখার জন্য খেলেছি।’ দলটির অধিনায়ক জাহিদ হাসান এমিলিরও একই কণ্ঠ, ‘আমরা ডিফেন্সিভ ফুটবল খেলেছি। কাউন্টার অ্যাটাকে খেলে গোল করার চেষ্টা করেছি।’
মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক বলছেন, ‘মোহামেডান সময় নষ্ট করেছে। রেফারি পেনাল্টি দেয়নি। মাঠে আসবো ভালো ফুটবল খেলবো আর হেরে চলে যাবো। এটা আর কতো দিন। রেফারির কল্যাণে মোহামেডান জিতেছে। রেফারি কি কি ভুল করেছে আমি লিগের পর সেটা সিডি করে দেখাবো। ফুটবল মাঠে রেফারিদের ভুলের কারণে আমরা কিভাবে বঞ্চিত হচ্ছি।’ একই কথা দলের স্ট্রাইকার নাইজেরিয়ান সানডের। তিনিও বলেন, ‘আমাদের দল মোহামেডানের চেয়েও ভালো খেলেছে। কিন্তু রেফারি আমাদের বঞ্চিত করেছে বিভিন্ন সিদ্ধান্ত থেকে।’
এই জয়ের কারণে মোহামেডান পয়েন্ট টেবিলে ৬ নম্বর থেকে তিন নম্বরে উঠে এসেছে। ১০ খেলায় তাদের পয়েন্ট ১৭। মোহামেডান টানা ১১ ম্যাচে জিতল। এমিলি পেলো ৫ গোল।
মুক্তিযোদ্ধা মাঠে নেমেই গোল হজম করেছে। মোহামেডানের অরূপ বৈদ্য ডান দিক থেকে ক্রস করে বল ফেলেন মুক্তিযোদ্ধার বক্সে। সেটা ক্লিয়ার করতে গিয়ে ক্যামরুনের ডিফেন্ডার গেরার্ড লেডক্স পা বাড়িয়ে ক্লিয়ার করতে পারেননি। গোলকিপার রাসেল মাহমুদ লিটনের সাথে ভুল বুঝাবুঝির সুযোগে গোলকিপারের হাত ফসকে বল ছুটে গিয়ে গোললাইন পেরিয়ে যাচ্ছিল। কাছে থাকা এমিলি পা ছুঁইয়ে গোলটা নিজের নামে লিখে নিলেন ১-০। ব্যাস এই একটা গোলে মোহামেডান মুক্তিযোদ্ধার কাছ থেকে তিন পয়েন্ট নিয়ে গেলো। মুক্তিযোদ্ধাও গোলটি ফিরিয়ে দিতে পারলো না। ৫৫ মিনিটে মোহামেডানের জাহিদ এবং মুক্তিযোদ্ধার অধিনায়ক মারুফ আহমেদকে এক সাথে লালকার্ড দেখান রেফারি জালাল উদ্দিন। জাহিদকে ট্যাকল করল মারুফ। তাতে ফাউল হতেই পারে। কিন্তু সেটা মেনে না নিয়ে জাহিদ আঘাত করল মারুফকে। সাথে সাথে কয়েকজনের মধ্যে হাতাহাতি হলো। পরিস্থিতি শান্ত হলো। আর রেফারি জাহিদকে দুই হলুদ কার্ডের জন্য লালকার্ড আর মারুফকে সরাসরি লালকার্ড দিয়ে মাঠ থেকে বের করলেন।
আজকের খেলা
শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনী (বঙ্গবন্ধু স্টেডিয়াম, ৫টা ৩০)।
