এই মুহূর্তে বিশ্বের সেরা অফ স্পিনার হিসাবে বিবেচিত পাকিস্তানের সাঈদ আজমল বলেছেন, সীমিত ওভারের ক্রিকেট দিন দিন বোলারদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। ৩৬ বছর বয়সী এ তারকা মনে করছেন টি-টোয়েন্টি এবং ওয়ানডে ক্রিকেটের ক্রমাগত নিয়ম পরিবর্তনই ব্যাটসম্যান-বোলারদের মধ্যে এই পার্থক্য সৃষ্টি করেছে। একটি বার্তা সংস্থার সঙ্গে এক সাক্ষাত্কারে আজমল বলেন, ‘ক্রিকেটের ফরম্যাটে পরিবর্তন হয়েছে এবং আজকের দিনে বোলাররা খুব কমই সমীহ পান। ব্যাটসম্যানদের মনোভাব ও দৃষ্টিভঙ্গি অনেক বেশি আক্রমণাত্মক হয়েছে এবং এটাই বোলারদের জীবন অনেক কঠিন করে তুলেছে। আজকের দিনে ক্রিকেট অনেক বেশি গতি পেয়েছে এবং একজন বোলার হিসাবে সবসময় আপনাকে চাপে থাকতে হয়।’
কয়েক বছর আগের তুলনায় ব্যাটসম্যানরা এখন অনেক বেশি আক্রমণাত্মক শট খেলছে বলে উল্লে¬খ করেন তিনি। তিনি বলেন, ‘টি-২০ এবং ৫০ ওভারের খেলায় শুরু থেকেই ব্যাটসম্যানরা আক্রমণ শুরু করতে পারেন এবং একজন বোলার হিসাবে প্রতি ম্যাচেই আপনাকে নতুন কিছু নিয়ে নামতে হবে।’
