সাকিব জ্বললেন তবে হারলো কলকাতা

আপডেট : ২০ এপ্রিল ২০১৪, ২২:০৪
দিল্লী ডেয়ার ডেভিলসের বিপক্ষে ম্যাচটি কলকাতা নাইট রাইডার্সের জন্য ছিল প্রথম ম্যাচের পারফরম্যান্স ধরে রাখার মিশন। গৌতম গম্ভীরের দল সেটা করতে পারলেন না। কিন্তু দলটির অন্যতম সদস্য বাংলাদেশের সাকিব আল হাসান ঠিকই প্রথম ম্যাচে নিজের পারফরম্যান্সকে ছাড়িয়ে গেলেন। একাদশ ওভারের শেষ বলে মানিশ পান্ডে ৪২ বলে ৪৮ রান করে বিদায় নিলে ক্রিজে আসেন সাকিব। দলের স্কোর তখন তিন উইকেটে ৭৫ রান। সেখান থেকে ২০ ওভারে পাঁচ উইকেটে ১৬৬ রান তুললো কলকাতা। আর এর কৃতীত্ব বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের। ২২ বলে ৩০ রানের অপরাজিত এক ইনিংস খেলেন তিনি। ইনিংসে ছিল দুইটি চার ও একটি ছক্কা। এর সাথে রবিন উথাপ্পা ৪১ বলে করেন ৫৫ রান। ব্যাটিংটা ভাল হলেও বোলিংটা মনমতো করতে পারেননি সাকিব। তিন ওভার বল করে ২৫ রান দিয়ে কোন উইকেট পাননি তিনি। আর এই বোলিংয়েই পিছিয়ে যায় কলকাতা। তিন বল বাকি থাকতেই দিল্লী ডেয়ার ডেভিলসের জয় নিশ্চিত হয়। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান জেপি ডুমিনি ৩৫ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন। এছাড়া অধিনায়ক দিনেশ কার্তিক করেন ৫৬ রান। কলকাতার হয়ে সর্বোচ্চ দুইটি উইকেট পান দক্ষিণ আফ্রিকান পেসার মরনে মরকেল। আগামী ২৪ এপ্রিল শারজাহতে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে কলকাতা। ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।