একাদশ শ্রেণির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

আপডেট : ২১ এপ্রিল ২০১৪, ১৯:৩১
জ্ঞানমূলক হতে উদ্দীপক এবং তার উত্তর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা মো. কবির হোসেন (সুজন) প্রভাষক,ব্যবস্থাপনা বিভাগ নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা প্রিয় শিক্ষাথঅীবৃন্দ, আজ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথমপত্রের ব্যবসায় পরিবেশ অধ্যায় থেকে একটি জ্ঞানমূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্নের উত্তর, জ্ঞানমূলক প্রশ্নের উত্তর থেকে একটি উদ্দীপক তৈরী, উদ্দীপক থেকে গ ও ঘ নং প্রশ্ন তৈরী এবং উদ্দীপক থেকে উক্ত প্রশ্নের জ্ঞানমূলক উত্তর বের করে কিভাবে উক্ত প্রশ্নের উত্তর সাজিয়ে উপস্থাপন করতে হবে তা নিম্নে আলোচনা করা হলো। জ্ঞানমূলক প্রশ্ন : প্রাকৃতিক পরিবেশ কী? জ্ঞানমূলক প্রশ্নের উত্তর: কোন দেশের ভূ-প্রকৃতি, জলবায়ু মৃত্তিকা, সাগর, নদ-নদী, প্রাকৃতিক সম্পদ, দেশীয় অবস্থান ও আয়তন ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। জ্ঞানমূলক প্রশ্নের বিভিন্ন উপাদানের আলোকে উদ্দীপক তৈরী : ঢাকার আশেপাশে অনেক নদ-নদী রয়েছে। এইসব নদ-নদীর পানি দূষিত বললেই চলে। বিভিন্ন কল কারখানা ছাড়াও হাজারীবাগ এলাকার ট্যানারী থেকে দূষিত বর্জ্য নদ-নদীতে নির্গমনের ফলে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। এজন্য এলাকার মানুষ আন্দোলনে নেমেছে। সরকারের নিকট নানান দাবি জানাচ্ছে। তাই বাধ্য হয়ে পরিবেশ অধিদপ্তর তাদের বিরুদ্ধে মামলা করেছে। তাই ট্যানারী শিল্পের মালিকেরা বাধার মুখে পড়েছে। ক) ব্যবসায় পরিবেশ কী ? খ) ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশ বলতে কি বুঝায় ? গ) উপরের উদ্দীপকের এলাকায় কোন ধরণের পরিবেশ সমস্যার সৃষ্টি হয়েছে? আলোচনা কর। ঘ) উপরের উদ্দীপকে কোন ব্যবসায় পরিবেশের ক্ষমতা বলে পরিবেশ অধিদপ্তর ট্যানারী শিল্পের মালিকদের বিরুদ্ধে মামলা করতে পেরেছে বলে তুমি মনে কর? তোমার মতামত দাও। উদ্দীপকে ক নং প্রশ্নের উত্তর: যে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পরিবেশের অধীনে একটা এলাকা বা অঞ্চলের বা কোন নির্দিষ্ট ব্যবসায় খাত বা সামগ্রিক ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে। (জ্ঞানমূলক) উদ্দীপকের খ নং প্রশ্নের উত্তর: কোন দেশের মানুষের আয়, সঞ্চয়, মূলধন, বিনিয়োগ, জনসম্পদ,অর্থ ও ঋণ ব্যবস্থা, আর্থিক বিভিন্ন প্রতিষ্ঠান ইত্যাদির উপর ভিত্তি করে যে পরিবেশ সৃস্টি হয় তাকে সেই দেশের ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশ বলে। (জ্ঞানমূলক) এই অর্থনৈতিক পরিবেশের উপাদানসমূূহ প্রতিটি দেশের উন্নয়নের সহায়ক শক্তি হিসাবে পরিগনিত হয়। কারণ জনগণের মাথাপিছু আয় বেশি হলে সঞ্চয় ও মূলধন গঠনের হার বেশি হয় তেমনি জনগণের মাথাপিছু আয় কম হলে সঞ্চয় ও মূলধন গঠনের হার কম হয়। তাই দেশের মানুষকে মানব সম্পদ হিসাবে গড়তে পারলে অর্থনীতির ভিত মজবুত হয়। (অনুধাবন মূলক) উদ্দীপকে গ নং প্রশ্নের উত্তর : উপরের উদ্দীপকের এলাকায় প্রাকৃতিক পরিবেশের সমস্যার সৃষ্টি হয়েছে। (জ্ঞানমূূলক) কোন দেশের জলবায়ু, ভূ-প্রকৃতি, মৃত্তিকা, নদ-নদী, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয় যে পরিবেশ গড়ে উঠে তাকে প্রাকৃতিক বা ভৌগোলিক পরিবেশ বলে। এই ভৌগোলিক পরিবেশের উপাদানের পার্থক্যহেতু প্রত্যেক দেশের ব্যবসায় কার্যকলাপও ভিন্নতর হয়ে থাকে। (অনুধাবনমূলক) উপরের উদ্দীপকের আলোকে বিভিন্ন কলকারখানার দূষিত বর্জ্য নির্গমনের ফলে পরিবেশের যে মারাত্নক বিপর্যয় ঘটেছে তার ইঙ্গিত রয়েছে। পাশাপাশি হাজারীবাগ এলাকার ট্যানারী থেকে দূষিত বর্জ্য নির্গমণের ফলে নদ নদীর পানি দূষিত হচ্ছে। আর নদ-নদী হলো ভৌগোলিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাই বিভিন্ন কলকারখানা বিশেষ করে ট্যানারী শিল্প থেকে দূষিত বর্জ্য নির্গমনের ফলে হাজারীবাগ এলাকার প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে। অর্থাত্ নদ-নদীর পানি দূষিত হচ্ছে। তাই এই দুষিত বর্জ্য নির্গমন পরিহার করা উচিত। (প্রয়োগমূলক) উদ্দীপকের ঘ নং প্রশ্নের উত্তর: উপরের উদ্দীপকে আইনগত পরিবেশের ক্ষমতা বলে পরিবেশ অধিদপ্তর মামলা করতে পেরেছে। (জ্ঞানমূলক) শিল্প আইন, বাণিজ্যিক আইন, পরিবেশ সংক্রান্ত আইন সর্বপরি আন্তর্জাতিক বিভিন্ন আইনের সন্মিলনে যে পরিবেশ গড়ে উঠে তাকে আইনগত পরিবেশ বলে। অর্থাত্ জনগণের কল্যাণে বিভিন্ন ধরনের আইনের সমন্বয় যে পরিবেশ গড়ে উঠে তাকে আইনগত পরিবেশ বলে। (অনুধাবনমূলক) উপরের উদ্দীপকে হাজারীবাগ এলাকার ট্যানারী শিল্প থেকে দূষিত বর্জ্য নির্গমনের ফলে পরিবেশের মারাত্নক বিপর্জয় ঘটেছে। এরফলে ভৌগোলিকগত সমস্যা প্রকট আকারে দেখা দিয়েছে। তাই জনগণ বাধ্য হয়ে এর থেকে পরিত্রান পাওয়ার জন্য আন্দোলনে নেমেছে। আর পরিবেশগত সমস্যার সমাধানের জন্য পরিবেশ অধিদপ্তর আইনগত কর্তৃপক্ষ। তাই পরিবেশ অধিদপ্তর বাধ্য হয়ে এই সকল ট্যানারী শিল্পের মালিকদের বিরুদ্ধে আইনগত কর্তৃপক্ষের নিকট মামলা করেছে। যাতে এই ধরনের পরিবেশ বিপর্যয়ের হাত থেকে নদ-নদী বা সাধারণ মানুষ রক্ষা পায়। (প্রয়োগমূলক) প্রকৃতি তার সকল সম্পদ মানুষের জন্য অকাতরে বিলিয়ে দেয়। আর তাই প্রকৃতির বিপর্যয় মানে পরিবেশের বিপর্যয় আর পরিবেশের বিপর্যয় মানে সাধারণ মানুষের বিপর্যয়। তাই সাধারণ মানুষকে রক্ষা করতে হলে পরিবেশ বিপর্যয় রোধ করা জরুরী। উদ্দীপকে পরিবেশ বিপর্যয় রোধে আইনগত কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তর এগিয়ে এসেছে। তবে শিল্প কারখানা যেহেতু পরিবেশের একটি অংশ তাই শিল্প কারখানার মালিকদের এই ব্যাপারে একটু সচেতন হলে পরিবেশ দূষনের হাত থেকে রক্ষা পাবে। আমরা আশা করি অদূর ভবিষ্যতে আমাদের দেশের পরিবেশ বিপর্যয় রোধ করা সম্ভব হবে। (উচ্চতর দক্ষতা)