নাম বদলে নকিয়া হচ্ছে মাইক্রোসফট মোবাইল

আপডেট : ২১ এপ্রিল ২০১৪, ২০:১৬
দীর্ঘ সময় ধরে মোবাইলের বাজারে একচ্ছত্র আধিপত্য ধরে রাখা নকিয়া শেষ পর্যন্ত মাইক্রোসফটের কাছে বিক্রি হয়ে গেছে। এ খবরটা পুরোনোই। গত বছরের শেষের দিকে মাইক্রোসফটের কাছে নিজেদের বিক্রি করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে নকিয়া এবং সেই অনুযায়ী চুক্তিও স্বাক্ষরিত হয় উভয় প্রতিষ্ঠানের মধ্যে। চলতি এপ্রিলের মধ্যেই এই চুক্তি বাস্তবায়িত হওয়ার কথা রয়েছে। আর এ পর্যায়ে এসেই অনলাইনে ফাঁস হয়ে যাওয়া একটি চিঠির সূত্রে জানা গেছে, এতদিনের নকিয়ার নামটি বদলে যাচ্ছে শীঘ্রই। এতদিন পর্যন্ত নকিয়া ওওয়াইজে নামে চললেও এবারে মাইক্রোসফট মোবাইল ওওয়াই নামেই বদলে যাবে কোম্পানিটি। নকিয়ার ডিভাইস অ্যান্ড সার্ভিসেস বিভাগের পক্ষ থেকে লেখা এই চিঠিতে এই খবরটি পাওয়া গেছে। এই চিঠিতে বলা হয়েছে, ‘নকিয়া এবং মাইক্রোসফটের মধ্যে স্বাক্ষরিত চুক্তিটির বাস্তবায়নে নকিয়া করপোরেশন বা নকিয়া ওওয়াইজে নামটি বদলে হয়ে যাবে মাইক্রোসফট মোবাইল ওওয়াই। এতে করে ভ্যাট আইডি এবং ইনভয়েস ইস্যু করার জন্য এখন থেকে নকিয়া নামটির বদলে মাইক্রোসফট মোবাইল ব্যবহার করতে হবে।’ মাইক্রোসফটের কাছে নকিয়া বিক্রি হয়ে গেলেও পুরোটা বিক্রি হয়ে যায়নি। মূলত নকিয়ার মোবাইল ফোন নির্মাণের সাথে সংশ্লিষ্ট অংশ কিনে নিয়েছে মাইক্রোসফট। নকিয়া মোবাইল নির্মাতা দলটিও এখন মাইক্রোসফটের অধীনেই কাজ করবে। তবে নকিয়ার যে অংশটি নেটওয়ার্কিং ইকুইপমেন্ট নির্মাতা অংশটি মাইক্রোসফট কিনে না নেওয়ায় এটি স্বতন্ত্রভাবে কাজ করতে পারবে এবং তাদের তৈরি পণ্যগুলোকে নকিয়া ব্র্যান্ডেও বাজারজাত করতে পারবে। যদিও মাইক্রোসফট নকিয়ার ব্র্যান্ড নাম ব্যবহারের লাইসেন্সও কিনে নিয়েছে। এ ছাড়া আশা এবং লুমিয়া ব্র্যান্ড নামও ব্যবহারের লাইসেন্স কিনে নিয়েছে মাইক্রোসফট। এ বিষয়ে অবশ্য নকিয়া কিংবা মাইক্রোসফটের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।