আগামী ২৬ এপ্রিল ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে মাইক্রোসফট আয়োজিত ইমাজিন কাপের বাংলাদেশ র্পায়ের চূড়ান্ত পর্ব। এবারের এই আয়োজনের পৃষ্ঠপোষক হয়েছে গ্রামীণফোন। গত ২০ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ইমাজিন কাপের বিস্তারিত তথ্য জানানো হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার পুবুদু বসনায়কে, গ্রামীণফোনের কর্পোরেট কমিউনিকেশনের প্রধান সৈয়দ তাহমিদ আজিজুল হক, মাইক্রোসফট বাংলাদেশের টেক. ইভাঞ্জেলিস্ট তানজিম সাকিব প্রমুখ। সম্মেলনে জানানো হয়, এবারে বাংলাদেশ পর্যায়ে ১১০০ প্রতিযোগী ২৫০টি দলের মাধ্যমে অংশ নিয়েছে। এর মধ্য থেকে এখন তিনটি বিভাগে নয়টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। ২৬ এপ্রিল জাতীয় চূড়ান্ত পর্বে তিনটি দলকে নির্বাচন করা হবে অনলাইন সেমিফাইনালের জন্য। সেখান থেকে নির্বাচিত হতে পারলে যুক্তরাষ্ট্রের সিয়াটলে আন্তর্জাতিক পর্যায়ে চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ মিলবে।
