কাছে গিয়েও পারলেন না ফেদেরার

আপডেট : ২১ এপ্রিল ২০১৪, ২১:৫৫
মন্টে কার্লো মাস্টার্সের শিরোপার খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত হতাশই হতে হলো রজার ফেদেরারকে। অল সুইস ফাইনালে ফেদেরার হেরে যান স্ট্যানিসলাস ওয়ারিঙ্কার কাছে। রেকর্ড ১৭ বারের গ্র্যান্ড স্ল্যাম শিরোপাধারী ফেদেরারের বিরুদ্ধে ৪-৬, ৭-৬ (৭/৫), ৬-২ গেমে এই জয়ের মাধ্যমে লাল কোর্টেও নিজের দক্ষতার প্রমাণ রাখলেন অস্ট্রেলিয়ান ওপেন জয়ী ওয়ারিঙ্কা। আর এর মাধ্যমে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল¬্যাম ফ্রেঞ্চ ওপেনেও নিজেকে শীর্ষে রাখার ইঙ্গিত দিলেন সুইস এই তারকা। অন্যদিকে সুযোগ পেয়েও সেটাকে কাজে লাগাতে না পেরে হতাশ ফেদেরার। বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন শুরু হতে আর মাত্র ছয় সপ্তাহ সময় বাকি রয়েছে। কিন্তু তৃতীয় বাছাই ওয়ারিঙ্কা গতকাল প্রথম সেটে পরাজয়ের পরেও যেভাবে নিজেকে ফিরিয়ে এনে ক্যারিয়ারের প্রথম মাস্টার্স ১০০০ শিরোপা জিতে নিয়েছেন তাতে ফ্রান্সে তাকে ফেবারিট হিসেবেই ধরা হচ্ছে। ম্যাচ শেষে উচ্ছসিত ওয়ারিঙ্কা বলেছেন, ‘ক্যারিয়ারের প্রথম মাস্টার্স শিরোপা জিততে পেরে আমি সত্যিই দারুণ খুশী। এটা অসাধারণ এক অনুভূতি। রজার তুমি সর্বকালের সেরা খেলোয়াড়, তোমার বিপক্ষে খেলাটা আমার জন্য সবসময়ই বিশেষ কিছু। আশা করছি পুরো বছরটি আমরা দুজনে দারুণ কাটাতে পারবো।’ কোর্টের এই লড়াই দু’জনের ব্যক্তিগত সম্পর্কে প্রভাব ফেলবে না বলেও জানালেন এই জয়ে ফ্রেঞ্চ ওপেনের আগে র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থান নিশ্চিত করে ফেলা ওয়ারিঙ্কা, ‘টেনিস বিশ্বে সেই আমার সেরা বন্ধু। দুজনের প্রতি যথেষ্ট শ্রদ্ধা আছে আমাদের। আমার চেষ্টা ছিল কোর্টে ম্যাচটা জেতার। ম্যাচ শুরুর আগে-পরে আমরা শুধুই বন্ধু।’ এর আগে উভয়ের মধ্যে খেলা ১৪টি ম্যাচের মধ্যে ২০০৯ সালে মন্টে কার্লোতে একমাত্র ম্যাচে ওয়ারিঙ্কার কাছে পরাজিত হয়েছিল ফেদেরার। কাল ম্যাচ শেষে সুইস এই তারকা বলেছেন, ‘পুরো সপ্তাহটা আমার দারুণ কেটেছে। স্ট্যানকে অভিনন্দন। আশা করছি পুরো বছরই তুমি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারবে।’ আর পরাজয়ের কারণ হিসাবে তিনি বলেন, ‘আমার মনে হয় এটা এমন একটা ফাইনাল ছিল যেটা আমিই জিততে পারতাম। তবে শেষ দিকে সে প্রচণ্ড আক্রমণাত্মক খেলা শুরু করে। সবমিলে তার হয়তো শিরোপাটা আমার চাইতে একটু বেশিই প্রাপ্য ছিল। আর টেনিস খেলাটা হচ্ছে আপনাকে আপনার প্রাপ্য সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। ক্যারিয়ারের ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ।’ সেমিফাইনালে চতুর্থ বাছাই ফেদেরার ইনজুরি আক্রান্ত নোভাক জকোভিচকে পরাজিত করে ফাইনালে উঠেছিলেন। বাসস