জাতীয় দলের সাবেক তারকা ফুটবলারদের নিয়ে গঠিত ছয়টি দলের সমন্বয়ে আগামী শুক্রবার শুরু থেকে কক্সবাজারে শুরু হচ্ছে রানার চ্যানেল আই বিচ ফুটবল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, ফুটবলের জন্য আমরার (ওয়াফ) সহযোগিতায় চ্যানেল আই তৃতীয়বারের মতো ২৫ ও ২৬ এপ্রিল কক্সবাজারে আয়োজন করতে যাচ্ছে টুর্নামেন্টটি। মোহামেডান মাস্টার্স, আবাহনী মাস্টার্স, মুক্তিযোদ্ধা মাস্টার্স, টিম বিজেএমসি মাস্টার্স, ওয়াফ মাস্টার্স ও কক্সবাজার বিচ ফুটবল টিম মাস্টার্স নামে তারা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। প্রতিটি দলে ম্যানেজার ও কোচসহ সর্বোচ্চ ১২ জন খেলোয়াড় থাকবেন। টুর্নামেন্ট আয়োজন উপলক্ষে গতকাল এক সংবাদ সম্মেলনে জানানো হয় এসব তথ্য।
আয়োজকরা জানান, ৬ টি দলকে দুটি গ্রুপে ভাগ করে গ্রুপ পর্যায়ের খেলা অনুুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপের তিনটি দল একে অন্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। দু’গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষ দুদল সেমিতে চলে যাবে। সেই সেমিতে যারা জিতবে তারা চলে যাবে ফাইনালে। তবে এই ম্যাচে পরাজিত দলটিও পাচ্ছে আরেকটি সুযোগ। দুই গ্রপের দ্বিতীয় স্থানে থাকা দুই দলের মধ্যে অনুষ্ঠেয় আরেকটি সেমিফাইনালে যারা জিতবে তারা খেলবে প্রথম সেমির হেরে যাওয়া দলটির সঙ্গে। প্রতিটি ম্যাচের ব্যাপ্তি ৩৬ মিনিট। চ্যানেল আই সবগুলি ম্যাচ সরাসরি সমপ্রচার করবে।
বাংলাদেশে বিচ ফুটবলের পরিচিতি ঘটানো, প্রচারের মাধ্যমে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে তৃতীয়বারের মতো চ্যানেল আই বিচ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ফুটবলের জন্য আমরা (ওয়াফ)-এর সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মানিক, বাফুফে সদস্য ও বিচ ফুটবল কমিটির চেয়ারম্যান সত্যজিত রায় রূপু, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান ও ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন।
