রিয়াল বায়ার্নের অঘোষিত ফাইনাল আজ

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ২২:০৭
রিয়াল মাদ্রিদের মাঠে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সাথে স্বাগতিকদের মোকাবেলাটাকে চাইলে বলা যেতে পারে ক্রিশ্চিয়ানো রোনালদো বনাম ফ্রাঙ্ক রিবেরির লড়াই। দেখা যেতে পারে ক্লাব পর্যায়ের অন্যতম সফল দুই কোচ পেপ গার্দিওলা ও কার্লো অ্যানচেলোত্তির ব্যক্তিগত দ্বৈরথ হিসাবেও। কেননা শক্তিমত্তা কিংবা ঐতিহ্য বিচারে, ক্লাব ফুটবলের ইতিহাসে অন্যতম সফল দল হিসাবেই বিবেচিত রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। এমন দুই দলের লড়াইয়ের মঞ্চটা হবে ফাইনাল, সেটাই তো স্বাভাবিক। অথচ ভাগ্যের কি পরিহাস, দু’দলের একটিকে বিদায় নিতে হচ্ছে ফাইনালের আগেই। তাতে চ্যাম্পিয়ন্স লিগের আজকের সেমিফাইনালের উন্মাদনা মোটেই কমছে না। বরং ফাইনালের আগেই আরেক ফাইনালের উত্তেজনা এনে দিচ্ছে ম্যাচটি। রিয়াল মাদ্রিদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগ শেষ চারের লড়াইয়ের প্রথম লেগে আজ যারা জিতবে তারাই ইতিহাস গড়ার দিকে এগিয়ে যাবে আরেক ধাপ। বায়ার্ন ১৯৯০ সালের পর প্রথম দল হিসাবে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখার বিরল রেকর্ডের সামনে দাঁড়িয়ে। তবে বায়ার্নের সেই রেকর্ড যাত্রায় বাধার প্রাচীর তুলতে প্রস্তুত রিয়ালও। চোট কাটিয়ে মাঠে নামতে প্রস্তুত রিয়ালের দুই সেরা অস্ত্র ক্রিশ্চিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলও। বিশ্বের সবচেয়ে বেশি বেতনভুক্ত এই দুই খেলোয়াড় এরই মধ্যে যোগ দিয়েছেন রিয়ালের অনুশীলনে। পাশাপাশি সান্তিয়াগো বার্নাব্যুতে স্বাগতিক দর্শকদের বিপুল সমর্থনও থাকছে ব্লাঙ্কোসদের সাথে। ম্যানুয়েল নয়্যারের চোট কাটিয়ে ফেরার সংবাদে আত্মবিশ্বাসী হতে পারে বায়ার্নও। চোটের কারণে দুই ম্যাচ বায়ার্নের গোলপোস্ট সামলাতে না পারা এই তারকা গোলরক্ষকও যোগ দিয়েছেন অনুশীলনে। মৌসুমের শুরু থেকে প্রায় অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা রিয়াল বায়ার্নের মুখোমুখি হবার আগে দারুণভাবেই করে নিয়েছে তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ার কাজটা। অ্যাটলেটিকো মাদ্রিদের দাপটে লিগ শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন কিছুটা ম্লান হয়ে গেলেও, অন্য সব টুর্নামেন্টেই দারুণ ছন্দে আছে দলটি। চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনাকে হারিয়ে কোপা দেল রে ফাইনাল জেতার সুখস্মৃতিটা তো একদমই তাজা। এই সপ্তাহে লা লিগায় কোন ম্যাচ না থাকায়, ঐ ম্যাচের পর যথেষ্ট বিশ্রাম পেয়ে নির্ভার রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রাও। শক্তিশালী দুই প্রতিদ্বন্দ্বির লড়াইয়ে পার্থক্য গড়ে দিতে পারে এই বিষয়টিও। কারণ, রিয়াল যেখানে তাদের সর্বশেষ ম্যাচ খেলেছে গত বৃহস্পতিবার, সেখানে বায়ার্নকে লিগে নিজেদের সর্বশেষ ম্যাচে গত শনিবার মুখোমুখি হতে হয়েছে ফ্রাঙ্কফুর্টের। পাশাপাশি মাদ্রিদে ভ্রমণ ক্লান্তির বিষয়টি তো রয়েছেই। তবে আজকের ম্যাচে এসব কিছু কোন ভূমিকা রাখবে না বলেই বিশ্বাস ফিলিপ লামের। সাত ম্যাচ হাতে রেখেই গত মাসে বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত করা বায়ার্ন অধিনায়ক জানালেন, এই ম্যাচে আত্মবিশ্বাসী এক বায়ার্নকেই দেখবেন সবাই। বুন্দেসলিগায় টানা দুই ম্যাচে হারের ধকল সামলে ফ্রাঙ্কফুর্টের বিরুদ্ধে ঐ ম্যাচে ২-০ গোলে পাওয়া জয়ই আত্মবিশ্বাসী করে তুলছে এই উইঙ্গারকে, ‘আমার মনে হয় আমরা ভালো খেলেছি, বিশেষত দ্বিতীয়ার্ধে। ফুরফুরে একটা মানসিকতা বাড়ি ছাড়ার আগে আমাদের খুব প্রয়োজন ছিল, সেটাই করছি আমরা। আর (রিয়ালের মুখোমুখি হওয়াটা) আসলে অসাধারণ একটা ব্যাপার। আমি ম্যাচটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। দারুণ দুটি ম্যাচ অপেক্ষা করছে সবার জন্য। বুধবারের (আজ) ম্যাচটা নিয়ে আসলে আমরা সবাই খুব উত্তেজিত। তবে বলতেই হচ্ছে, দু’দলেরই জয়ের সুযোগ সমানে সমান।’ রিয়ালের মাঠে দু’দলের সর্বশেষ সাক্ষাতে জয়ের সুখস্মৃতিই রয়েছে বায়ার্নের। এই টুর্নামেন্টেরই ২০১২ আসরের সেমিফাইনালে সেদিন টাইব্রেকারে ৩-১ ব্যবধানে সফরকারিরা জয় পেয়েছিল।