পাইওনিয়র ফুটবল লিগের সুপার লিগের খেলার গ্রুপ ও ড্র অনুষ্ঠানে গিয়েছিলেন দেশের খ্যাতমানা স্ট্রাইকার শেখ মোঃ আসলাম এবং ডিফেন্ডার কায়সার হামিদ। তারা গতকাল ড্র তুলেছেন। দলগুলোর নাম ঘোষণা করেছেন। পাইওনিয়ার ফুটবলের দল থেকে লড়াই করে ২০টি দল সুপার লিগে উঠেছে। সুপার লিগ শুরু হবে ২ মে। পল্টন ময়দান, মোহাম্মদপুর ঈদগাহ্ মাঠ এবং বিজয় স্বরণী যাদুঘর মাঠে খেলা হবে। ২০ দল খেলবে চার গ্রুপে। গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে সেমিফাইনালে। তৃতীয় বিভাগ লিগে উঠবে তিনটি দল। এরই মধ্যে নেমে গেছে তিনটি দল।
গ্রুপ পর্যায়ের খেলা নিয়ে আপত্তি আছে কয়েকটি ক্লাবের। ৫টি দল এ গ্রুপে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী একটি গ্রুপে ১ নম্বর খেলবে ৫ নম্বর দলের সাথে। আবার অন্য একটি গ্রুপে ১ নম্বর দলটি খেলবে ৪ নম্বর দলের বিরুদ্ধে। আপত্তি আছে আরো একটি বিষয় নিয়ে। সুপার লিগের ক্লাব কর্মকর্তাকে ডিসিপ্লিনারী কমিটির প্রধান করা হয়েছে। তাতে আস্থা রাখতে পারছেন সব ক্লাব। গতকাল বাফুফে ভবনে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে জানানো হয় ক্লাবগুলো এখন ফিফা থেকে পাঠানো ফুটবল পাবে।
