জয় দিয়েই শিরোপা উত্সব করলো ঢাকা

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ২২:১০
সাত বছর আগে সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জিতেছিল ঢাকা বিভাগ। এরপর থেকে রাজশাহীর টানা সাফল্য এবং খুলনার দুটি শিরোপা মিলিয়ে আর কোনো দলের সুযোগ হয়নি ওই ট্রফি স্পর্শ করার। অবশেষে এই মৌসুমের শেষ রাউন্ডের দুই দিন খেলা বাকী থাকতেই নিশ্চিত হয়ে যায় ঢাকার পঞ্চম লিগ শিরোপা। আর গতকাল সর্বশেষ চ্যাম্পিয়ন খুলনাকে ৫ উইকেটে হারিয়ে সেই শিরোপা উত্সবটার মধুর সমাপ্তি টানলো মোহাম্মদ শরীফের দল। ঢাকার পাশাপাশি শেষ রাউন্ডে জয় পেয়েছে রংপুর, চট্টগ্রাম ও রাজশাহী। বরিশালকে পুরো লিগে জয়বঞ্চিত থাকা নিশ্চিত করে তাদের বিপক্ষে ইনিংস ও ২৫ রানের জয় তুলে নিয়েছে রংপুর। সিলেটের বিপক্ষে ২৫৮ রানের বিশাল জয় পেয়েছে চট্টগ্রাম। ঢাকা মেট্রোকে ৪ উইকেটে হারিয়ে লিগের রানার্সআপ হয়েছে রাজশাহী। খুলনার বিপক্ষে জয়টা আগের দিনই দেখতে পাচ্ছিল ঢাকা। আগের দিন ৪৫ রানে অপরাজিত থাকা রনি তালুকদারই দলকে জয়ের পথে নিয়ে গেছেন। কিন্তু নিজে সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে আউট হওয়ায় আফসোসটা নিশ্চয়ই থেকে গেছে। আগের দিন ২ উইকেটে ১৩৩ রান তুলে ফেলা বরিশাল কাল বাকী ৮ উইকেট নিয়ে দিন কাটিয়ে দেয়ার স্বপ্ন দেখতে পারতো। কিন্তু রংপুরের সোহরাওয়ার্দী শুভর ৩ উইকেট এবং সাজিদুল ও তানভীরের ২টি করে উইকেট তাদের ২২৯ রানে আটকে দেয়। ১ উইকেটে ৬৪ রান দিয়ে শেষ দিন শুরু করা সিলেটেরও জয়ের স্বপ্ন ছিল না। একমাত্র লক্ষ্য হতে পারতো ৯ উইকেট নিয়ে দিন কাটিয়ে দেয়া। কিন্তু চট্টগ্রামের ইউনুস ৪৭ রানে ৫ উইকেট নিয়ে সে স্বপ্ন শেষ করে দেন। আসিফ আহমেদ রাতুল ৫৪ এবং ইলিয়াস সানি ৫৫ রানের ইনিংস খেলে রাজশাহীর বিপক্ষে আগের দিন শেষ বেলায় ঢাকা মেট্রোকে লড়াইয়ে ফিরিয়েছিলেন। বোলাররাও ২৭৫ রানের লক্ষ্যে খেলতে নামা রাজশাহীর ১২০ রানে ৬ উইকেট ফেলে ম্যাচে উত্তেজনা ধরে রেখেছিলেন। কিন্তু গতকাল ওই সপ্তম উইকেট জুটিতেই অসামান্য ব্যাটিং করে সাব্বির ও ফরহাদ রাজশাহীকে জয় এনে দেন। এই জুটিতে অপরাজিত ১৫৫ রান যোগ করে দলকে জয় এনে দেয়ার পথে সাব্বির ৮৫ ও ফরহাদ ৮০ রানে অপরাজিত ছিলেন।