ময়েস বরখাস্ত

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ২২:১১
শেষ পর্যন্ত বরখাস্তের খড়গ নেমে এলো কোচ ডেভিড ময়েসের ঘাড়ে। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেষ্টার ইউনাইটেডকে মৌসুম জুড়ে দুর্দশায় রাখার কারণেই প্রত্যাশিত এ সিদ্ধান্তটি নিতে হলো ক্লাবটিকে। ময়েসের বিদায়ের পর মৌসুমের অবশিষ্ট খেলাগুলোর জন্য ক্লাব কিংবদন্তী রায়ান গিগসকে দল সামলানোর দায়িত্ব দেয়া হলো। গিগস অবশ্য খেলোয়াড় কাম কোচ হিসেবে ময়েসের সহযোগী ছিলেন। এখন তিনি নতুন কোচ খুঁজে না পাওয়া পর্যন্ত রেড ডেভিলসদের সামলাবেন। জানা গেছে নতুন কোচ হিসেবে ইউনাইটেড নেদারল্যান্ড জাতীয় দলের বর্তমান কোচ লুই ভন গলের সাথে কথাবার্তা শুরু করেছে। তিনি দায়িত্ব নিলেও সেটা হবে ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপ শেষ হওয়ার পর। গল ক্লাব ফুটবলেও সফল নাম। তিনি আয়াক্স, বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের কোচ ছিলেন এর আগে। ময়েস দায়িত্ব নিয়েছিলেন ইউনাইটেডের কিংবদন্তী কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের পছন্দে। কিন্তু এভার্টন ছেড়ে আসা এই কোচ কখনোই শিরোপাধারীদের ভাল অবস্থায় নিয়ে যেতে পারেননি। তার অধীনে নিজেদের কিংবা বিপক্ষের কোন মাঠেই ভাল খেলতে পারেনি ম্যান ইউ। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান নির্বাহী এড উডওয়ার্ড গতকাল সকাল ৮টায় দলের সদর দফতর ক্যারিংটনে ময়েসকে সামনা-সামনি এ সিদ্ধান্তটি জানিয়ে দেন। যদিও তার চুক্তি ছিল ছয় বছরের। কিন্তু স্কটিশ এই কোচ এক বছরও সম্পন্ন করতে পারলেন না। বৃটেনের ডেইলি মেইল আগেরদিনই জানিয়েছিল সোমবার শেষের দিকে কিংবা দুয়েক দিনের মধ্যেই ময়েসকে বরখাস্ত করা হতে পারে। ময়েস অবশ্য বরখাস্ত হওয়া বাবদ চুক্তি অনুযায়ী এক কোটি পাউন্ড পাচ্ছেন। ক্লাবটির মালিক আমেরিকান গ্লেজার পরিবার শেষ পর্যন্ত ময়েসের ব্যাপারে ধৈর্য হারিয়ে ফেলে। বিশেষ করে এভার্টনের কাছে সর্বশেষ ২-০ গোলের হারটির পর পয়েন্ট টেবিলে ইউনাইটেড সপ্তম স্থানে নেমে যাওয়ায়। চলতি মৌসুমে এটি ছিল তাদের ১১তম হার যা তাদের আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতার জন্য নির্ধারিত স্থান থেকেও ছিটকে দেয়। লিগে এখন তারা শীর্ষে থাকা লিভারপুলের চাইতে ২৩ পয়েন্ট নিচে অবস্থান করছে। ইউনাইটেড টুইটারের মাধ্যমে তাদের সিদ্ধান্তের কথা জানান দেয়। তবে এতে ক্লাবটি ময়েসকে তার সংক্ষিপ্ত সময়কালে ‘কঠোর পরিশ্রম, সততা ও একাত্মতার’ জন্য ধন্যবাদ জানায়। ময়েসও তার ভাগ্য জেনে যাওয়ার পর তার কোচিং দলের সদস্যদের ধন্যবাদ জানাতে ভুলেননি। কোচ হিসেবে ময়েস ইউনাইটেডকে নিয়ে ৫১ খেলায় ২৭টি জিতেছেন। ড্র হয়েছে নয়টি এবং হেরেছেন ১৫টিতে। জয়ের হার হলো ৫২.৯৪ শতাংশ। জানুয়ারির সংক্ষিপ্ত ট্রান্সফার মৌসুমে মারাউনে ফেলেইনি ও হুয়ান মাতার মতো দামি খেলোয়াড়কে দলে এনেও তিনি প্রতিদ্বন্দ্বীদের সাথে সমানে লড়া কিংবা শিরোপা ধরে রাখার লড়াইয়ে সামিল হতে পারার মতো কিছু করে দেখাতে পারেননি। এদিকে খেলোয়াড় কাম কোচ হিসেবে ম্যানচেষ্টার ইউনাইটেডে গিগসই এ ধরনের প্রথম নজির নন। ক্লাবটিতে এর আগে ১৯২৬-২৭ মৌসুমে ক্ল্যারেন্স জর্জ ‘ল্যাল’ হিলডিচ হাফ ব্যাক হলেও সে সময়কার কোচ জন চাপম্যানকে বরখাস্ত করার পর দায়িত্ব নিয়েছিলেন।