ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তৈরী তদন্ত কমিটিকে বাতিল করে আবার বিচারপতি মুগদালের কমিটিকেই আইপিএল দুর্নীতি নিয়ে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন ভারতীয় সুপ্রিম কোর্ট। এই আদেশের ফলে গোপন খামে দেয়া ১৩ জন সন্দেহভাজনকে নিয়ে অতিরিক্ত তদন্ত মুগদাল কমিটিই করবে।
আইপিএলে দুর্নীতির অভিযোগে একের পর এক খেলোয়াড়-কর্মকর্তা গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় প্রথমে বিসিসিআই নিজেই একটি তদন্ত কমিটি করেছিল। যে কমিটির প্রতিবেদন সুপ্রিম কোর্ট গ্রহণ করেনি। বরং আদালত ক্রিকেট সংস্কারে বিশেষজ্ঞ সাবেক বিচারপতি মুকুল মুগদালকে দায়িত্ব দেয় তদন্ত করার। সেই মুগদাল কমিটির রিপোর্টে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। বেরিয়ে আসে স্বয়ং বিসিসিআই সভাপতি থেকে শুরু করে অনেকেই এই নাটকের সঙ্গে সন্দেভাজন হিসেবে জড়িত। কমিটি তার রিপোর্টের সঙ্গে সুপ্রিম কোর্টে একটি বন্ধ খামে ১৩ জন সন্দেহভাজনের নাম জমা দেয়; সেখানে বলা হয়, এই ১৩ জনকে নিয়ে বিস্তারিত তদন্ত হওয়া দরকার।
১৩ জনের একজন খোদ বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসন বলে তাকে সভাপতি পদ থেকে সরে যেতে বলেন কোর্ট এবং এই ১৩ জনকে নিয়ে অতিরিক্ত তদন্তের জন্য বিসিসিআইকে কমিটি গঠন করতে বলেন। বিসিসিআই সর্বশেষ জরুরী সভা করে রবি শাস্ত্রীকে প্রধান করে একটি তদন্ত কমিটি করে। গতকাল এই নতুন কমিটি দেখে আদালত বিরক্তি প্রকাশ করেন। বিসিসিআইকে বলেন, তাদের কিছু করার দরকার নেই। আদালতই তখন স্বতঃপ্রণোদিত হয়ে বিচারপতি মুগদালের সম্মতি চান।
