কক্সবাজারে এবার ফুটবল স্টেডিয়ামের উদ্যোগ

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ২২:১২
কক্সবাজারে ফুটবল স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি সেখানে ফুটবল স্টেডিয়ামও হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করতে গিয়ে সেখানে ফুটবল স্টেডিয়াম নির্মাণ করতে আগ্রহ প্রকাশ করেন বলে জানা গেছে। ক্রিকেটেরই পাশে জমিতে ফুটবল স্টেডিয়াম নির্মাণ করা যায় কিনা সে জন্য ক্রীড়া মন্ত্রণালয় এবং বাফুফে তত্পরতা শুরু করে। সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেয়ে ফুটবল ফেডারেশন কর্মকর্তারা আজ কক্সবাজার যাবেন। তিন কর্মকর্তার মধ্যে বাফুফের সহ-সভাপতি বাদল রায়, সদস্য বিজন বড়ুয়া এবং সদস্য সামশুল হক চৌধুরি রয়েছেন। জানা গেছে, তাদের সাথে যাবেন বিসিবি এবং ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারাও। যেহেতু ক্রিকেটের পাশেই ফুটবল স্টেডিয়ামের কথা উঠেছে। তাই ক্রিকেটের মতামতের জন্যই বিসিবির প্রতিনিধিরাও এই সফরে থাকার কথা রয়েছে। ফুটবল উন্নয়নের জন্য বাফুফে কর্মকর্তারা ক্রীড়া মন্ত্রণালয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের সাথে বৈঠক করেন। সেখানে ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় মন্ত্রণালয়ের সচিব নূর মোহাম্মদ, যুগ্ম সচিবসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাফুফে ৩৫ কোটি টাকা চেয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে। আর্থিক প্রয়োজনীয়তার বিষয়টি প্রতিমন্ত্রীর কাছে ব্যাখ্যাও করেছেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন। এ জন্য একটা লিখিত প্রস্তাব পাঠাতে বলা হয়েছে বাফুফেকে। ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে বাফুফের তিনটি দাবি ছিল। এর মধ্যে বছরে ৩৫ কোটি টাকা চাওয়ার পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থার ন্যায় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর জন্য বাত্সরিক অনুদান এবং সাত বিভাগে ফুটবল খেলার মাঠ চেয়েছেন সালাহউদ্দিন। তিনি বলেছেন, সারাবছর ফুটবল খেলাটা হওয়ার জন্যই আমরা বিভাগগুলোতে ফুটবল মাঠ চেয়েছি।’ তিনি বলেছেন, আমাদের চাওয়াগুলো যৌক্তিক। আশা করি, মন্ত্রণালয় আমাদের দাবিগুলো পূরণ করবে।’