শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন পল ফারব্রেস। ইংল্যান্ড জাতীয় দলের কোচ পিটার মুরসের সহকারি হিসাবে দায়িত্ব গ্রহনের প্রস্তাব পাওয়ার পরই ফারব্রেস লঙ্কানদের দায়িত্ব ছাড়লেন। লঙ্কান বোর্ড সূত্রে জানা গেছে এই তথ্য।
বোর্ড কর্মকর্তাদের সাথে সাক্ষাতের জন্য গত সোমবারই কলম্বোতে যান ফারব্রেস। সেই সাক্ষাতে ইসিবির প্রস্তাবের ব্যাপারে আলোচনা করেন তিনি। ধারণা করা হচ্ছিল দিন দুয়েকের মধ্যেই এ বিষয়ে আরো কথা হবে দু’পক্ষের মধ্যে। তবে সেটা না করে সরাসরি পদত্যাগপত্র পাঠিয়ে দেন ফারব্রেস। বোর্ড সাধারণ সম্পাদক নিশান্ত রানাতুঙ্গা বলেন, ‘ফারব্রেসের সেবা না পাওয়াটা হবে দু:খের। তবে আমরা তার পদত্যাগের কারণ বুঝতে পারছি।’
