সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন, উগ্রপন্থি ইসলামের হুমকিকে ভুলে যাওয়া আমাদের জন্য হবে বড় ধরনের ভুল। তিনি বলেন, পশ্চিমা বিশ্বকে তাদের বিভেদ ভুলে বিশেষ করে ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে যে বিরোধ চলছে তা দূর করে, আমাদের উচিত চরম হুমকিকে মোকাবিলা করা। তিনি বলেন, উগ্র ইসলামপন্থা ইসলামের প্রকৃত মর্মার্থকে বিকৃত করে। বুধবার লন্ডনের ব্লুমবার্গে এক সভা করার প্রাক্কালে বিবিসিকে দেয়া সাক্ষাত্কারে তিনি এসব কথা বলেন।
টনি ব্লেয়ার বলেন, উগ্র ইসলামের চর্চা এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। আমাদের এখন সময় এসেছে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। তিনি পশ্চিমা বিশ্বকে হুঁশিয়ারি আরোপ করে বলেন, মধ্যপ্রাচ্যকে সঙ্গে নিয়ে আমাদের উচিত এর মোকাবিলা করা। সেইসঙ্গে আমাদের একে প্রধান রাজনৈতিক এজেন্ডা হিসাবেও গুরুত্ব দেয়া উচিত। টনি ব্লেয়ার বলেন, এক্ষেত্রে পশ্চিমা বিশ্বকে খোলা মন নিয়ে কাজ করা উচিত। এছাড়া এটা আমাদের সকলের দায়িত্বের মধ্যেও পড়ে। তার এ ধরনের বক্তব্য এমন এক সময়ে আসলো যখন ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের চরম উত্তেজনা বিরাজ করছে। তিনি বলেন, ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের যত বিরোধই থাকুক না কেন আমাদের সময় এসেছে এসব বিভেদ ভুলে গিয়ে এক হয়ে কাজ করা। এক্ষেত্রে পশ্চিমা বিশ্বকে রাশিয়া ছাড়াও চীনের সঙ্গে সহায়তার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।
