প্রথম লেগে অ্যাটলেটিকোর মাঠে গোলশূন্য ড্র করার পর দ্বিতীয় লেগ নিয়ে এরই মধ্যে ভাবতে শুরু করেছেন মরিনহো। আর সেটা এমনই যে, আগামী রবিবার লিভারপুলের বিরুদ্ধে প্রিমিয়ার লিগের ম্যাচে দ্বিতীয় সারির দল খেলানোর কথা ভাবছেন এই পর্তুগীজ!
দুরন্ত ফর্মে থাকা লিভারপুলের বিরুদ্ধে দ্বিতীয় সারির দল খেলানোর অর্থ কি হতে পারে সেটা অনুমান করাটা কঠিন নয় মোটেই। তাই গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নেয়ার আগে দলের মালিক রোমান আব্রামোভিচের সাথে সাক্ষাত্ করার কথা জানিয়ে মরিনহো বলেন, ‘এই সিদ্ধান্তটা আমি একা নিতে পারি না। আমার মনে হয় ক্লাবের সাথে আমার কথা বলতে হবে। তারা কি বলেন সেটা শুনতে হবে। আমি শুধুমাত্র দলের ম্যানেজার, এখানে অন্য কিছু নিয়ে ভাবাটা আমার কাজ নয়। আমি জানি আমি কি করতে চাই। তবে সেটা করতে হলে ক্লাবেরও একমত হওয়া প্রয়োজন। আমি এমন সব খেলোয়াড় নিয়ে (লিভারপুলের সাথে) খেলতে চাই যারা আগামী বুধবার খেলছেন না।’
এদিকে চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ থাকার পরেও লিগ ম্যাচের সূচিতে কোন বিশ্রাম না রাখায় ইংল্যান্ডের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাকে (এফএ) স্বভাবসুলভ একটা খোঁচাও দিয়েছেন তিনি, ‘ইংল্যান্ডের ফুটবলের প্রতি আমার পরিপূর্ণ শ্রদ্ধা আছে। কিন্তু এটাও মনে রাখতে হবে আমরাই একমাত্র ইংলিশ ক্লাব যারা ইউরোপিয়ান ক্লাব পর্যায়ের টুর্নামেন্টগুলো লড়ছে। স্পেনের চারটি ক্লাব (চ্যাম্পিয়ন্স লিগে দুটি ও ইউরোপা লিগে দুটি) আছে এবং তাদের সুবিধার জন্য সর্বোচ্চ ছাড়টাই দিচ্ছে সেদেশের ফেডারেশন।’
