ব্রাজিলের সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক কার্লোস আলবার্তো তোরেস মনে করেন, দেশের মাটিতে আয়োজিত এবারের বিশ্বকাপটি তাদের ছেলেরা জিতে নিবে। রিও ডি জেনেরিওতে বুধবার রাতে সাংবাদিকদের এ মতামত জানান তিনি।
তোরেস হলেন ১৯৭০ সালের বিশ্বকাপ জয়ী দলটির অধিনায়ক। তার কথা সত্যি হলে এটি হবে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা। ১২ জুন ব্রাজিল ও ক্রোয়েশিয়ার মধ্যকার উদ্বোধনী খেলাটি দিয়ে পর্দা উঠবে ২০১৪ সালের বিশ্বকাপের।
ইতালির বিরুদ্ধে ৪৪ বছর আগে বিশ্বকাপ ফাইনালে অসাধারণ এক গোলে শিরোপা জেতানো তোরেস এ ব্যাপারে বলেন, ‘ব্রাজিলের ফুটবল এখন ক্রান্তিকাল ও আন্ত:প্রজন্ম স্তরে আছে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের মাধ্যমে একটি প্রজন্মের বিদায় হয়েছে। এবার খুব ভাল একটি দল দায়িত্ব নিয়েছে।’
তিনি আরো বলেন, ‘একটা ছেলে ছিল, ডিয়াগো কস্তা, যে এখন স্পেনের হয়ে গেছে। সে না থাকাটা আমাদের একটা সুযোগ হাতছাড়া বলতে হবে। আমাদের ফ্রেড এন্ড জো (ফ্রেডিকো চ্যাভেজ গোয়েডজ) আছে, ওরা ভাল খেলোয়াড়দের সমন্বয়ে একটি শক্তিশালি দল হয়েছে এবং বিশ্বকাপ জয় তাদের লক্ষ্য।’
বিশ্বকাপের ট্রফি এখন ব্রাজিলে
বিশ্বের সবচাইতে জনপ্রিয় খেলাটির সর্বোচ্চ আসরের ট্রফিটি বুধবার রাতে রিও ডে জেনিরোতে গেলে সেখানে এটি তুলে ধরেন স্মৃতি কাতর এই সাবেক অধিনায়ক। যুক্তরাষ্ট্র থেকে সেটি ব্রাজিলের শহরটিতে নেয়া হয়। আগামীকাল শুক্রবার পর্যন্ত এটি মারাকানা স্টেডিয়ামে থাকবে। টুর্নামেন্ট পূর্ব আট মাসের সফরে বিশ্বকাপের ট্রফিটি আফ্রিকা, এশিয়া, ইউরোপ, দক্ষিণ ও উত্তর আমেরিকা পরিভ্রমণ শেষে এখন ব্রাজিলে গিয়ে পৌঁছালো।
