চট্টগ্রাম প্রথম বিভাগ ফুটবল লিগে দলগুলোর দুটি করে খেলা শেষে এখন শীর্ষে আছে রাইজিং স্টার ক্লাব।
রাইজিং স্টার ক্লাব দুটিতেই জিতে ৬ পয়েন্ট পেয়ে এককভাবে শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে কাস্টমস স্পোর্টস ক্লাব, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা, নগর পুলিশ ক্লাব ও জেলা পুলিশ ক্লাব যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। দলগুলোর জয় ও ড্র একটি করে। তাদের অর্জন ৪ পয়েন্ট করে। বাকলিয়া একাদশ দুই খেলার মধ্যে দু’টি এবং কর্ণফুলী স্পোর্টস একাডেমী ১টি ড্র ও ১টিতে পরাজিত হয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। অন্যদিকে আবাহনী জুনিয়র ও রেলওয়ে রেঞ্জার্স দল এখনও কোন পয়েন্ট অর্জন করতে পারেনি। ১০টি দল প্রথম বিভাগে খেলছে।
কাস্টমস-পটিয়া ড্র
কাস্টমস স্পোর্টস ক্লাব ও পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার খেলার মধ্য দিয়ে গতকাল বুধবার থেকে তৃতীয় রাউন্ডের খেলা শুরু হয়েছে। খেলাটি ১-১ গোলে ড্র হয়। খেলার ৩৭ মিনিটে সাব্বিরের গোলে এগিয়ে যায় কাস্টমস দল। আবার ৪৩ মিনিটে পটিয়ার আমজাদ গোল পরিশোধ করে সমতা আনেন খেলায়।
আজকের খেলা : আবাহনী জুনিয়র ও রেলওয়ে রেঞ্জার্স বিকাল ৪টায় (এমএ আজিজ স্টেডিয়াম)।
