অ্যাটলেটিকো মাদ্রিদের একের পর এক আক্রমণ আর চেলসির জমাট রক্ষণে সেগুলোর করুণ মৃত্যু, গত মঙ্গলবার রাতে ভিসেন্তে ক্যালদেরনে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগকে এক বাক্যে প্রকাশ করা যায় এভাবেই। প্রতিপক্ষের মাঠে এই গোলশূন্য ড্র’র কারণে আগামী বুধবার স্ট্যামফোর্ড ব্রিজে দ্বিতীয় লেগে চেলসিই এগিয়ে থাকবে বলে মন্তব্য করেছেন অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে।
সিমিওনে বলেন, ‘এই ড্রয়ের ফলে নিশ্চিতভাবেই তারা কিছুটা সুবিধা পেল। তবে এটাও মনে রাখতে হবে ঐ ম্যাচে (দ্বিতীয় লেগ) যারা জিতবে তারাই ফাইনালে যাবে।’
একমাত্র ফার্নান্দো তোরেসকে উপরে রেখে পাঁচজন খেলোয়াড়কে মাঝমাঠে খেলান মরিনহো। আর বাকিরা সবাই ছিলেন পুরোপুরি রক্ষণ কাজে নিয়োজিত। শেষ পর্যন্ত কাজেও লাগে মরিনহোর এই কৌশল। যদিও, ম্যাচ শেষে পন্ডিত-সমালোচকরা মরিনহোর এই অতিরিক্ত রক্ষণ কৌশলের সমালোচনা করতে ছাড়েননি।
তবে মরিনহোর এই কৌশল অবলম্বনের পেছনে দোষ দেখছেন না সিমিওনে। পর্তুগীজ কোচ সঠিক কাজটাই করেছেন জানিয়ে সিমিওনে বলেন, ‘প্রতিটি ম্যানেজারকেই তার খেলোয়াড়রা কি করতে পারবে, সেটা ভেবে কৌশল নির্ধারণ করতে হয়। আর খেলা শেষে দেখা যাচ্ছে, এটা তার জন্য ভাল একটা ফলই বয়ে এনেছে।’
ম্যাচে প্রচুর আক্রমণ রচনা করলেও শেষ গোল না পেলে হতাশ এই আর্জেন্টাইন আরো বলেন, ‘এটা কঠিন একটা ম্যাচ ছিল সন্দেহ নেই। প্রতিপক্ষও ছিল শক্তিশালী। আর অন্য সেমিফাইনালের মতো কোনো দলই সুবিধা নিতে পারেনি। আমাদের খেলায় আমরা নতুন নতুন সব ব্যাপার উপহার দিয়েছি। গোলটাই আসেনি শুধু। তবে ম্যাচটা আমাদের জেতা প্রয়োজন ছিল।’
এদিকে নিজেদের মাঠে দ্বিতীয় লেগে চেলসি সুবিধাজনক অবস্থানে আছে স্বীকার করলেও নিজেদের উপর পূর্ণ আস্থাই রাখছেন সিমিওনে। গত ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো নিজেদের মাঠে কোনো গোল করতে ব্যর্থ হওয়া অ্যাটলেটিকো কোচ বলেন, ‘এটা সত্যি যে জিততে হলে আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে। তবে এটা এমন একটা সমস্যা যেটা নিয়ে চিন্তা করতে আমাদের ভালই লাগবে। কারণ, আমরা যে লক্ষ্যের পেছনে ছুটছি সেটা যদি অর্জন করতে পারি তাহলে অসাধারণ একটা ব্যাপার হবে সেটি’
