নিরাপত্তা নিশ্চিত করতে টেক জায়ান্টরা একত্রিত

আপডেট : ২৪ এপ্রিল ২০১৪, ১৯:৪৬
সাম্প্রতিক সময়ে ওপেনএসএসএল সফটওয়্যারের হার্টব্লিড বাগটি সব প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য বড় ধরনের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর বাইরেও হ্যাকারদের নিত্যনতুন আক্রমণ তো রয়েছেই। এসব কিছু থেকে নিজেদের এবং গ্রাহকদের নিরাপদ রাখতে তাই টেক জায়ান্টরা এবারে একত্রিত হয়েছে। ওপেন সোর্স অপারেটিং সিস্টেম লিনাক্সের নির্মাতা লিনাক্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জিম জেমলিন উদ্যোগ নেন টেক জায়ান্টদের একত্রিত করার। তার আহ্বানে সাড়া দিয়েছে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অনেকেই। জেমলিনের আহ্বানের কয়েক দিনের মধ্যেই এই উদ্যোগের সাথে একমত হয়েছে গুগল, ফেসবুক, ইন্টেল, অ্যামাজন ওয়েব সার্ভিস, মাইক্রোসফট, সিসকো, ডেল, ফুজিত্সু, আইবিএম, ভিএমওয়্যারের মতো সব শীর্ষ প্রতিষ্ঠান। ‘কোর ইনফ্রাস্ট্রাকচার ইনিশিয়েটিভ’ শিরোনামের এই উদ্যোগের সাথে সহমত পোষণ করা প্রতিষ্ঠানগুলোর প্রতিটিই আগামী তিন বছরে বার্ষিক এক লক্ষ ডলার করে অর্থ প্রদান করবে। এই প্রতিষ্ঠানগুলোই এই উদ্যোগের পরিচালনা পর্ষদ হিসেবে কাজ করবে। তবে এই উদ্যোগে যে কেউই অর্থ অনুদান প্রদান করতে পারবে। ওয়েবে ব্যবহূত বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যেই এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। জেমলিন জানিয়েছেন, এই উদ্যোগের প্রাথমিক বরাদ্দটি প্রদান করা হবে ওপেনএসএসএলকে। পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের ওপেন সোর্স কোড তৈরিতে নিয়োজিত ক্রিপ্টোগ্রাফিক বিশেষজ্ঞদের প্রদান করা হবে আর্থিক সহায়তা। এই উদ্যোগটি প্রযুক্তি বিশ্বের জন্য আশির্বাদ হয়েই আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গুগলের ওপেন সোর্স প্রকৌশল বিভাগের পরিচালক ক্রিস ডিবিওনা জানান, তাদের নিজেদের প্রতিষ্ঠানে একজন নিরাপত্তা বিশেষজ্ঞের পেছনেই বছরে এক লক্ষ ডলারের বেশি খরচ করতে হয়। তাই বছরে এক লক্ষ ডলার খরচ করে এমন একটি উদ্যোগের সাথে সংশ্লিষ্ট হওয়াটা তাদের জন্য লাভজনক। এখনও পর্যন্ত অ্যাপল বা অ্যাডোবির মতো প্রতিষ্ঠান এই উদ্যোগে সংযুক্ত না হলেও জেমলিন আশা করেন খুব দ্রুত তারাও যুক্ত হবে এতে। সার্বিকভাবে অনলাইনে একটি নিরাপদ পরিবেশ তৈরি করার জন্য এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন প্রযুক্তি বিশ্বের সকলেই।