বানারীপাড়া স্বাস্থ্যকমপ্লেক্স সমস্যায় জর্জরিত

আপডেট : ২৪ এপ্রিল ২০১৪, ২১:১৭
অন্তহীন সমস্যায় জর্জরিত বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মাতৃ-প্রসূতি সেবায় ৭ বার জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ স্বাস্থ্য কমপ্লেক্সে নেই কোন গাইনী বিশেষজ্ঞ। মেডিক্যাল অফিসার ডাঃ গৌতম সেনকে দিয়ে ওই পদটি পূরণ করা হলেও সিজারিয়ান অপারেশনের দায়িত্ব পালন করছেন অপর মেডিক্যাল অফিসার ডাঃ রিতা রানী শীল। এছাড়া দীর্ঘদিন ধরে মেডিসিন, সার্জারী বিশেষজ্ঞ ও ডেন্টাল সার্জন পদ শূন্য রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সিংহভাগ ডাক্তারের আবাসস্থল বরিশাল শহরে। জানা গেছে সেখানে তাদের চেম্বারও রয়েছে। এদিকে ব্যবহার ও রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে হাসপাতালের কোয়ার্টারগুলো। খোদ আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ যতীন চন্দ্র রায়ও থাকছেন হাসপাতালের সামনে ভাড়াটিয়া বাসায়। মাদকসেবীদের নিরাপদ আড্ডাখানা ও গবাদিপশু-পাখিদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে ডাক্তার কোয়ার্টারগুলো। মাতৃস্বাস্থ্য ভাউচার স্কীম নিয়েও রয়েছে নানা অনিয়ম ও হয়রানির অভিযোগ। হাসপাতালের সামনে অবৈধভাবে গড়ে ওঠা ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার থেকে মাসোহারা নিশ্চিত করতে রোগীদের সেখানে যেতে উত্সাহিত করারও অভিযোগ রয়েছে।