বিচ গেমসের আয়োজক হতে পারে বাংলাদেশ

আপডেট : ২৪ এপ্রিল ২০১৪, ২১:৫৮
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বিচ গেমসের আয়োজন করার ব্যাপারে আবারও প্রস্তাব দিতে চায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। ২০১৮ এবং ২০২০ সালের বীচ গেমসের স্বাগতিক চূড়ান্ত হয়নি। বাংলাদেশ চাইলে আবেদন করতে পারে বলে জানিয়েছেন অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) কর্মকর্তা ভাহিদ কারদানি। বাংলাদেশ সফরে আসা এই কর্মকর্তা বললেন, ‘আগামী ২০১৬ বিচ গেমসের আয়োজক চূড়ান্ত হয়ে গেছে। তবে ২০১৮ ও ২০২০ সালের গেমস দুইটির জন্য এখনো বিড হয়নি। বাংলাদেশ চাইলে আবেদন করতে পারে।’ তিনি কক্সবাজার সমুদ্র সৈকতের মনোরম লোকেশনের প্রশংসা করে বলেন, ‘কক্সবাজার একটি ভালো ভেন্যু হতে পারে। বিচ গেমস আয়োজন করতে হলে বাংলাদেশকে উদ্যোগ নিতে হবে।’ বিওএ-এর মহাসচিব বলেছেন, ‘তিনি বিষয়টি নিয়ে সরকারের সাথে আলোচনা করবেন।’