সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। এই গেমস উপলক্ষে এশিয়ার খেলা প্রিয় মানুষকে উজ্জীবিত করা, সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত গেমস আয়োজনের জন্য দেশে দেশে প্রচার অভিযানে নেমেছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ)। সেই কার্যক্রমের ধারাবাহিকতায় আজ ঢাকায় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। গেমস কর্তৃপক্ষ এর নাম দিয়েছে ফান রান।
সকাল সাড়ে ৮টায় শিশু একাডেমী থেকে শুরু হয়ে শোভাযাত্রা শেষ হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। যারা এখন গেমসের প্রশিক্ষণে রয়েছেন, তাদের মধ্যে ২০ বছর বয়সের কম বয়সি খেলোয়াড়রা থাকেবন শোভাযাত্রায়। ঢাকায় আগত ওসিএ-এর টেকনিক্যাল ডিপার্টমেন্টের কর্মকর্তা ভাহিদ কারদানি বলেছেন, ‘অলিম্পিকের পর এশিয়ান গেমস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা চাই- এই গেমসটা সাধারণ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলুক।’
এই কর্মকর্তারাসহ এশিয়ান গেমস আয়োজক কমিটির আরো কয়েকজন কর্মকর্তা সংবাদ সম্মেলনে ছিলেন। বিওএ-এর মহাসচিব সৈয়দ শাহেদ রেজাও উপস্থিতি ছিলেন। তারাও সংবাদ সম্মেলনে এশিয়ান গেমসের বিভিন্ন দিক তুলে ধরেন। গেমস কর্মকর্তারা ২২টি দেশ ভ্রমণ করে বাংলাদেশে এসেছেন। এখানে শোভাযাত্রায় অংশ নিয়ে ফিলিপাইন যাবেন।
আজকের শোভাযাত্রার জন্য ওসিএ ৭০০টি শার্ট দিয়েছে। শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য মেডেল, পেন্সিল রয়েছে উপহার।
