এই চাকরিটির আশাতেই শ্রীলঙ্কার দায়িত্ব ছেড়েছিলেন পল ফারব্রেস। অবশেষে ইংল্যান্ড দলের সহকারী হিসাবে তাকে নিয়োগদান নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। গত শনিবার দ্বিতীয়বারের মতো প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়া পিটার মুরসের সঙ্গে কাজ করার লক্ষ্যেই শ্রীলঙ্কা দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দেন ৪৬ বছর বয়সী ফারব্রেস। মাত্র গত ডিসেম্বরে শ্রীলঙ্কা দলের সঙ্গে যোগদান করেই এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপ জয় করেন ফারব্রেস। ইতিপূর্বে ইংলিশ কাউন্টি দল কেন্ট এবং ইয়র্কশায়ারের সঙ্গে কাজ করা ফারব্রেচ বলেন, ইংল্যান্ড কোচিং দলে কাজ করতে বলার জন্য তিনি কৃতজ্ঞ। তিনি বলেন, ‘নিজের দেশের জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটা অসাধারণ কিছু। এটা এমন একটা প্রস্তাব ছিল যা আমি ফিরিয়ে দিতে পারিনি। একইভাবে শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে কাজ করাটা এবং সাম্প্রতিক সাফল্যও আমি উপভোগ করেছি।’
