টিভিস্বত্বের জন্য দরপত্র চেয়েছে বিসিবি

আপডেট : ২৪ এপ্রিল ২০১৪, ২২:১১
দুই বছর পর অবশেষে আবার দীর্ঘমেয়াদে টিভিস্বত্ব বিক্রির লক্ষ্যে দেশি ও বিদেশি আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ছয় বছর সময়কালের জন্য বিক্রি করতে চাওয়া এই টিভিস্বত্ব ক্রেতা ভারতের দুইটি বাংলাদেশ সফরসহ বেশ কিছু আকর্ষণীয় আয়োজন পাবেন এই সময়ে। ২৭ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত বিক্রি হবে এই দরপত্র। দরপত্র জমা দেয়ার শেষ দিনও ৮ মে। এরপর ১২ মে বিসিবিতেই একটি উন্মুক্ত নিলামে বিক্রি করা হবে এই টিভিস্বত্ব। দরপত্র কেনার একটি শর্ত হলো- কমপক্ষে এক বছরের ক্রিকেট সম্প্রচারের অভিজ্ঞতা থাকতে হবে। বিসিবির মার্কেটিং ও কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলছেন, বাংলাদেশি চ্যানেলগুলোর গত কিছুদিনের পারফরম্যান্সও ভালো ছিল। তাই তারাও বেশ আগ্রহ দেখাবে বলে ধারণা করছেন তিনি। সবমিলিয়ে আন্তর্জাতিক বাজারে বেশ আকর্ষণীয় একটি ব্যাপারে পরিণত হবে এই টিভিস্বত্ব, এমনটা আশা করছেন তিনি। এর আগে বিসিবি সর্বশেষ ছয় বছর মেয়াদি চুক্তি করেছিল নিম্বাসের সঙ্গে। যেটি তিক্ততার ভেতর দিয়েই ২০১২ সালে শেষ হয়। এখনো বিসিবি তার পাওনা নিম্বাসের কাছ থেকে বুঝে পায়নি। সেই চুক্তি শেষ হওয়ার পর বিসিবি একবার লম্বা চুক্তিতে টিভিস্বত্ব বিক্রি করতে চেয়েছিল; কিন্তু সেবার সাড়া পায়নি সংস্থাগুলোর কাছ থেকে। এরপর থেকে তিনটি দ্বি-পাক্ষিক সিরিজ আলাদা আলাদা করে বিক্রি করেছে বিসিবি। যেগুলো বাংলাদেশি দুইটি চ্যানেল মাছরাঙ্গা ও চ্যানেল নাইন কিনেছিল।