নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া-করগাতী গ্রামে অবস্থিত টি-করগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি মধুমতী নদীর ভাঙনের কবলে পড়েছে। বর্ষা মৌসুমে ভাঙন অব্যাহত থাকলে যেকোনো মুহূর্তে বিদ্যালয় ভবনটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে গতকাল শুক্রবার গিয়ে দেখা গেছে, বর্তমানে বিদ্যালয়ে চারকক্ষবিশিষ্ট একতলা ভবন ও একটি টিনশেড ঘর আছে। ছাত্রছাত্রীর সংখ্যা ৩১০ ও শিক্ষক আছেন ৬ জন। ভাঙন উপভোগ করতে ছাত্রছাত্রীরা নদীতীরে ঝুঁকি নিয়ে ভিড় করছে। বিদ্যালয় প্রাঙ্গণ অনেকটা নদীতে বিলীন হয়ে গেছে । প্রধান শিক্ষক আসাদুজ্জামান মোল্লা জানান, ইতিমধ্যে বিদ্যালয়ের ৩৩ শতাংশ জমির মধ্যে খেলার মাঠসহ অর্ধেকটা নদীর মধ্যে। তিনটি টয়লেট ও নলকূপ নদীতে চলে গেছে। যেকোনো মুহূর্তে বিদ্যালয় ভবনটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। ১৯৩০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি এর আগে দু’বার নদীগর্ভে গেছে। এবার ভেঙে গেলে ছাত্রছাত্রীদের নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছি।
